সংসদে শোক প্রস্তাব গৃহীত

ওয়ান নিউজ ডেক্সঃ দশম জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফাসহ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

অন্য যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক গণপরিষদ সদস্য ফজলুর রহমান ভূইয়া, সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবেদীন সরকার, সংসদ সদস্য কাজী নুরুজ্জামান, গাজী আতাউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মরহুম মেয়র আনিসুল হক।

ভাষাসংগ্রামী মুহম্মদ তকীয়ুল্লা, ভাষাসংগ্রামী জয়নাল আবেদীন, ভাষাসৈনিক অ্যাডভোকেট দলিল উদ্দিন, ভাষাসৈনিক ও বিজ্ঞানী আবদুল লতিফ, সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী, নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু, ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় সংসদে।

এ ছাড়া ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে, মিসরে মসজিদে বোমা হামলায়, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শোক প্রস্তাবে প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ও সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফার জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আলোচনায় অংশ নেন।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ, সরকারি দলের আবদুল মতিন খসরু, মো. মোজাম্মেল হোসেন, এ বি তাজুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার ও ফজিলাতুন নেসা বাপ্পি আলোচনায় অংশ নেন।

পরে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের সদস্য বজলুল হক হারুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.