শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ক্রিসে গেইল মাঠে নেমেছিলেন ঝড় তোলার ইঙ্গিতও মিলেছিল। কিন্তু ১ চার ও ৩ ছয়ে ১০ বলের গেইল ইনিংসটি থেমে যায় মাত্র ২৩ রানে। তবে স্মরণীয় ফর্মে থাকা ইমরুল কায়েসের আরেকটি দুর্দান্ত ইনিংসে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতরাতের ম্যাচে তারা ৭ উইকেটে হারিয়েছে আগেই প্লে-অফ নিশ্চিত করা রাজশাহী রয়েলসকে।

ওদিকে গতকালের প্রথম ম্যাচে হারের বৃত্তে থেকেই চলমান বিপিএলে নিজেদের মিশন শেষ করেছে সিলেট। কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটে হেরেছে সিলেট থান্ডার। প্রথমে ব্যাট করা সিলেট মাজিদের ৪৫ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখে সমান উইকেট হারিয়ে প্লে-অফ লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখে কুমিল্লা। দলের জয়ে বড় অবদান সৌম্য সরকারের। তিনি ৩০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন।

এছাড়া ডেভিড মালান ৫৮ রান করেন। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেবিল টপারের লড়াইয়ে আগে ব্যাট করে রাজশাহী লিটন দাসের ৪৫ বলে ৫৬ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৮ উইকেটে লড়াই করার মতো ১৬৬ রান সংগ্রহ করে। চট্টগ্রামের রুবেল হোসেন ও জিয়াউর রহমান ৩টি করে উইকেট লাভ করেন। ক্রিস গেইল না পারলেও শুরুতে চট্টগ্রামকে জয়ের ছন্দেই রাখেন লেন্ডল সিমন্স। তাকে যোগ্য সঙ্গ দেন ইমরুল কায়েস। ৪৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন সিমন্স।

ইমরুল কায়েস দলকে টেবিলে সবার উপরে উঠিয়ে মাঠ ত্যাগের আগে ৩ চার ও ৫ ছক্কায় ৪১ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। ৯ বল হাতে রেখে ৩ উইকেটে ১৭০ রান করে জয় নিশ্চিত করে চট্টগ্রামের দলটি।

গ্রুপ পর্বে প্রতি দলের ডজন ম্যাচের আসরে চট্টগ্রাম ও রাজশাহী ১১টি করে ম্যাচ খেলেছে। ৩ হারে সবার উপরে থাকা চট্টগ্রামের পয়েন্ট ১৬, ৪ হারে রাজশাহী নেমে গেছে ১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে। ৯টি করে ম্যাচ খেলা ঢাকা ও খুলনার অবস্থান ৩ ও চারে। তবে এই অবস্থানগুলোর জন্য লড়াইয়ে থাকছে ১০ পয়েন্ট পাওয়া কুমিল্লা ও ৮ পয়েন্ট পাওয়া রংপুরও।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.