নিজস্ব প্রতিবেদকঃ
লবণ উৎপাদনের ভরা মৌসুমে ও ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন কক্সবাজার উপকূলের অন্তত ৪০ হাজার প্রান্তিক চাষি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লবণ উৎপাদন, বিপণনের সঙ্গে যুক্ত অন্তত পাঁচ লাখ মানুষ। লবণচাষিদের অভিযোগ, আমদানির কারণেই কমে গেছে লবণের দাম।
কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, সংকটের অজুহাত তুলে অসাধু একটি চক্র বিদেশ থেকে লবণ এনে দেশীয় লবণশিল্পকে ধ্বংস করছে। এর ফলে সম্ভাবনাময় লবণশিল্পটি ঝুঁকির মুখে পড়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৪৪ হাজার প্রান্তিক চাষিসহ লবণ ব্যবসায় জড়িত জেলার অন্তত পাঁচ লাখ মানুষ।
চাষি ও ব্যবসায়ীরা বলছেন, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি মণ লবণ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও ফেব্রæয়ারি মাসে দরপতন শুরু হয়। তখন প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ১৮০ টাকায়। আর গত সপ্তাহে মণপ্রতি লবণের দাম কমেছে আরও ৩০ টাকা। এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। লোকসান দিয়েও লবণ বিক্রি না হওয়ায় হতাশ চাষিরা মাঠ ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে পাঁচ হাজার চাষি লবণ উৎপাদন বন্ধ রেখেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে চলতি মৌসুমে লবণ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে ১৫ ডিসেম্বর থেকে ১৫ মে পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৬০ হাজার ৫৫৯ একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার মেট্রিকটন। আর লবণের বার্ষিক জাতীয় চাহিদা ধরা হয়েছে ১৮ লাখ ৪৮ হাজার মেট্রিকটন। তবে গত ২১ ফেব্রæয়ারি পর্যন্ত চলতি মৌসুমের তিন মাসে লবণ উৎপাদন হয়েছে ৩ লাখ ৪৫ হাজার মেট্রিকটন। যা গত মৌসুমের এই সময়ের তুলনায় কম। গত মৌসুমের এ সময়ে লবণ উৎপাদন হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার মেট্রিকটন। ১ লাখ ২৮ হাজার মেট্রিকটন লবণ উৎপাদন কম হওয়ার কারণ হিসেবে ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিদের হতাশাকে দায়ী করছেন বিসিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা। বর্তমানে মাঠে লবণ উৎপাদনে জড়িত ৪৪ হাজারের বেশি চাষি পরিবার।
এদিকে টেকনাফ উপজেলায় তিন হাজার একর জমিতে লবণ উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন হাজার হাজার চাষি ও শ্রমিক। তবে গত বছর শুধু টেকনাফ উপজেলা ১ লাখ সাড়ে ১৪ হাজার টন লবণের চাহিদা পূরণ করেছে। এসময় সরকার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১৮ লাখ ৫০ হাজার টন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে লবণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবার ইতোমধ্যে ৩৪ হাজার মণ লবণ উৎপাদিতও হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে- সীমান্তের নাফনদের কিনারায় সাবরাং, শাহপরীর দ্বীপ ও হ্নীলায় দেড় হাজার একর জমিতে লবণের স্তুপ পড়ে আছে। প্রতিটি স্তুপে ৪০-৫০ মণ করে লবণ আছে। এছাড়া টেকনাফ উপজেলায় সদর, হোয়াইক্যং ও শামলাপুর ইউনিয়নে আরও দেড় হাজার একর জমিতে লবণের উৎপাদিত হয়েছে। গুটা উপজেলায় চলতি মৌসুমে উৎপাদিত পাঁচশ’ মণ লবণ মাঠে ও গর্তে পড়ে আছে। লবণের মূল্য পড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। জানা গেছে, মো. শরীফ হোসেনের ৭০ হাজার টন, মো. সালামের ৫০ হাজার টন, মো. শফিক মিয়ার ৩০ হাজার টন, হাফেজ উল্লাহ ২৫ হাজার টন, মো. সেলিমের ২০ হাজার টন লবণ রয়েছে। এছাড়া আরও পাঁচ শতাধিক চাষির উৎপাদিত হাজার হাজার মণ লবণ মাঠের গর্তে পড়ে আছে।
এ প্রসঙ্গে সাবরাংয়ের লবণ চাষি মোহাম্মদ শরীফ মিয়া বলেন, ‘মিল মালিক তথা বড় বড় কোম্পানিগুলো লবণের দাম কমিয়ে দেওয়ায় মাঠপর্যায়ের চাষিরা দেউলিয়া হওয়ার পথে। ধারদেনা করে লবণ চাষ করে বিনিয়োগও তোলা যাচ্ছে না। বলতে গেলে পানির দামেও বিক্রি করা যাচ্ছে না লবণ। উৎপাদন যত বেশি হচ্ছে, লবণের দামও তত কমে যাচ্ছে।’ তার উৎপাদিত ৭০ হাজার টন লবণ মাঠের গর্তেই পড়ে রয়েছে বলেও জানান তিনি।
লবণ চাষি সেলিম ও সালাম জানান, শীতকাল থেকে তারা লবণ চাষ শুরু করেন। বৃষ্টি শুরু হলে চাষ বন্ধ হয়ে যায়। এ বছর পর্যাপ্ত রোদ ও বৃষ্টিপাত কম থাকায় লবণ উৎপাদন ভালো হয়েছে। বর্ষার এই সময়ে সবাই লবণ বিক্রি শেষ করবেন। কিন্তু এমন সময় হঠাৎ লবণের দাম কমে গেছে। ডিলাররা লবণের দাম প্রায় অর্ধেক বলছেন। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অন্য বছর প্রতি মণ লবণ যেখানে বিক্রি হতো ২৮০ থেকে ৩০০ টাকায়, সেখানে এখন দাম দেওয়া হচ্ছে মাত্র ১৫০ থেকে ১৬০ টাকা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) টেকনাফের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ইতোমধ্যে এই সীমান্তে ৩৪ হাজার মণ লবণ উৎপাদিত হয়েছে। তবে গত বছরের তুলনায় লবণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু লবণের দাম কম হওয়ায় চাষিদের মধ্যে হতাশা দেখা গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.