রোহিঙ্গা ক্যাম্পে শিশু হত্যার অভিযোগে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা শিশুকে অপহরণের পর নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মো. আজিমুল্লাহ’র ছেলে রহমত উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের সি-ব্লকের রহমত উল্লাহ’র স্ত্রী সানজিদা আক্তার (৩৫)।

গত ২ মার্চ সকালে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের তাদের ঘরের পাশ থেকে নিখোঁজ হয় শাহিনুর আক্তার নামের আট বছর বয়সী রোহিঙ্গা শিশু। নিখোঁজের তিনদিন পর গত ৫ মার্চ বিকালে ক্যাম্পটি সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে এপিবিএন। শিশুটির একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

কক্সবাজার ১৬ এপিবিএন-এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য পায় এপিবিএন। এছাড়া নিহত শিশুর বাবা-মার দেওয়া তথ্যে সোমবার রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন’র একটি দল। এতে বসতঘর থেকে অপহৃত শিশুকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে নারীসহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা এক অপরের আত্মীয়।’

আটককৃত দুই জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.