চলে গেলেন চিত্রনায়ক শাহিন আলম

ডেস্ক নিউজ:
চলেই গেলেন চিত্রনায়ক শাহিন আলম। সোমবার (৮ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা যায়, গত মাসের শেষের দিকে এ অভিনেতা শরীরে জ্বর ও হালকা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন শাহিন আলম। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হলে ৬ মার্চ লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিত্রনায়কের ছেলে ফাহিম নূর জানান, তার বাবা পাঁচ বছর ধরে জটিল কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি তার অসুস্থতা আরও গুরুতর হয়। বাড়তে থাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা। তাই অসুস্থতা নিয়ে খুব একটা বাইরে বের হতেন না এ অভিনেতা। কিডনি রোগের কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস করানো হতো।

শাহিন আলম ১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.