মেসি বেশি গোল করেছেন যে ১০ ক্লাবের বিপক্ষে

ওয়ান নিউজ ডেক্সঃ দীর্ঘ ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে কত শত ক্লাবের বিপক্ষেই তো খেলেছেন লিওনেল মেসি। গোলও করেছেন অনেক অনেক ক্লাবের বিপক্ষে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, মেসির সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ কোনটি? সবচেয়ে বেশি গোল করেছেন কোন কোন ক্লাবের বিপক্ষে? অযথা মাথা ঘামানোর দরকার নেই। আপনাকে এসব প্রশ্নেরই উত্তর জানিয়ে দিচ্ছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা।

ক্লাব ক্যারিয়ারে মেসি বেশি গোল করেছেন, এমন ১০টি ক্লাবের নাম উল্লেখ করে একটা প্রতিবেদন ছাপিয়েছে মার্কা। তাতে দেখা যাচ্ছে, মেসির সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ সেভিয়া। গতকাল রাতেও যাদের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। দুদুবার পিছিয়ে পড়ার পরও ক্লাব বার্সেলোনাকে এনে দিয়েছেন ৪-২ গোলের রোমাঞ্চকর জয়।

পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন এই সেভিয়ার বিপক্ষেই। গতকাল রাতের ৩ গোলসহ সেভিয়ার বিপক্ষে তার মোট গোল সংখ্যা এখন ৩৬টি। এই ৩৬ গোল তিনি করেছেন ৩৫ ম্যাচে। মানে সেভিয়ার বিপক্ষে তার ম্যাচপ্রতি গোল হার ১.০২৮৫।

মেসির প্রিয় প্রতিপক্ষের তালিকায় সেভিয়ার পরই আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের এই ক্লাবটির বিপক্ষে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ গোল। অবশ্য অ্যাতলেতিকোর বিপক্ষে তার ম্যাচপ্রতি গোল হার কিছুতেই প্রিয় প্রতিপক্ষের আখ্যা দেয় না। অ্যাতলেতিকোর বিপক্ষে ২৮ গোল যে তিনি করেছেন ৩৩ ম্যাচে। মানে অ্যাতলেতিকোর বিপক্ষে তার ম্যাচপ্রতি গোল হার মাত্র ০.৮৪৮।

বেশি গোলের হিসেবে অ্যাতলেতিকোর পর ভ্যালেন্সিয়া। এই ক্লাবটির বিপক্ষে মেসি সব মিলে ৩১ ম্যাচে করেছেন ২৭ গোল। সেকি, চিরপ্রতিপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নাম কই?

অস্থির হওয়ার কিছু নেই। মেসির সর্বোচ্চ গোল-শিকার তালিকায় ৪ নম্বরেই আছে রিয়াল মাদ্রিদের নাম। রিয়ালের বিপক্ষে মোট ২৬টি গোল করেছেন তিনি। অবশ্য এই ২৬ গোল করতে তাকে খেলতে হয়েছে ৩৭টি এল ক্লাসিকো। মানে রিয়ালের বিপক্ষে ৩৭ ম্যাচে ২৬ গোল তার। রিয়ালের বিপক্ষে ম্যাচপ্রতি গোলের হিসেবটা কিছুতেই তার নামের সঙ্গে যায় না! ম্যাচপ্রতি গোল হার যে ০.৭০২৭!

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা পঞ্চম সর্বোচ্চ ২৩টি করে গোল করেছেন ৩টি ক্লাবের বিপক্ষে। তবে ম্যাচপ্রতি গোল হারে সেই তিন প্রতিপক্ষের মধ্যে মেসির সবচেয়ে ফেভারিট ওসাসুনা। এই ক্লাবটির বিপক্ষে মাত্র ১৪ ম্যাচেই করেছেন ২৩ গোল। ম্যাচপ্রতি গোল হার ১.৬৪! ভাবা যায়। ২৩ গোল করেছেন বার্সেলোনার নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষেও। তবে এসপানিওলের বিপক্ষে তিনি খেলেছেন ২৭টি ম্যাচ। মানে ম্যাচপ্রতি করেছেন ০.৮৫ গোল।

ক্যারিয়ারজুড়ে মেসির শট ২৩ বার খুঁজে নিয়েছে অ্যাথলেতিক বিলবাওয়ের জালও। তবে এই ক্লাবটির বিপক্ষে মেসির ম্যাচপ্রতি গোল হার অনেক বেশি হতাশাজনক। বিলবাওয়ের বিপক্ষে ২৩ গোল যে তিনি করেছেন ৩১ ম্যাচে। মানে ম্যাচপ্রতি গোল হার ০.৭৪!

অষ্টম সর্বোচ্চ ২০ গোল করেছেন লেভান্তের বিপক্ষে। এই ২০ গোল তিনি করেছেন ১৭ ম্যাচে। ম্যাচপ্রতি গোল হার ১.১৭৬। রিয়াল বেটিসের বিপক্ষেও ঠিক ১৭ ম্যাচে ২০ গোল করেছেন। ২০ গোল করেছেন দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও। তবে দেপোর্তিভোর বিপক্ষে মাত্র ১৫ ম্যাচেই করেছেন ২০ গোল। মানে এই ক্লাবটির বিপক্ষে ম্যাচপ্রতি ১.৩৩৩ গোল করেছেন তিনি।

মার্কার প্রকাশিত এই তালিকা দেখা যাচ্ছে, ম্যাচপ্রতি গোল হারে মেসির সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ ওসাসুনা। আর সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রে সেভিয়া। তালিকাটা এটাও্ বলছে, সবচেয়ে বেশি গোল করা এই ১০ ক্লাবের মধ্যে ম্যাচপ্রতি গোল হার সবচেয়ে কম রিয়ালের বিপক্ষে।

ক্লাব বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে মোট ৫৮৫টি অফিসিয়াল গোল করেছেন মেসি। তার মধ্যে ২৪৬টি গোলই তিনি করেছেন উপরোক্ত ১০ ক্লাবের বিপক্ষে। বাকি ৩৩৯টি গোল করেছেন ক্যারিয়ারজুড়ে মুখোমুখি হওয়া অন্য সব ক্লাবের বিপক্ষে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.