নিজস্ব প্রতিবেদকঃ মুক্তি কক্সবাজার ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মুক্তি কক্সবাজারের পরিচালনায় চৌফলদন্ডী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা কার্যক্রমের আওতায় ২০১৯ সালে এসএসসি ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ (বর্তমানে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত) দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
আজ ১০ জুন (বুধবার) চৌফলদন্ডী সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে ২৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির চেক তুলে দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২,০০০/- টাকা করে মোট ৩,১২,০০০/- টাকা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি কক্সবাজারের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী ফয়সাল মাহমুদ সাকিব, লজিস্টিক কর্মকর্তা জুয়েল ঘোষ। সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী ফরহাদ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের শিখরে আরোহন করতে পারে না। প্রযুক্তির এই যুগে হেলায় সময় নষ্ট না করে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ইন্টারনেটের অপব্যবহারের দিকে না ঝুকে, তা থেকে জ্ঞান আহরণ করতে হবে। সামাজিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
শিক্ষাবৃত্তির চেক পাওয়ার পর অনুভুতি প্রকাশ করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা এই বৃত্তির চেক পেয়ে অনেক খুশি। আমাদের মত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরন কিনতে অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হয়। উচ্চ শিক্ষা গ্রহণে এই টাকা আমাদের জীবনে অনেক উপকারে আসবে।
উল্লেখ্য যে, সমৃদ্ধি কর্মসূচির আওতায় মুক্তি কক্সবাজার চৌফলদন্ডিতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সকল বিষয় নিয়ে কাজ করে চলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.