মালিঙ্গা ‘ঝড়ে’ শুরুতেই তছনছ বাংলাদেশ ইনিংস!

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বছর খানেক পরে শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেই দারুণ চমক দেখালেন লাসিত মালিঙ্গা। বল হাতে শুরুতেই রীতিমতো ‘ঝড়’ তুললেন। সেই ঝড়েই উড়ে গেল বাংলাদেশের শুরুর ব্যাটিং। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দুই দুটো উইকেট তুলে নিলেন মালিঙ্গা। প্রথমেই আউট ওপেনার লিটন কুমার দাস। অফস্ট্যাম্পের বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে খোঁচা লাগিয়ে বসেন লিটন। স্লিপে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন শূণ্য রানে। পরের বলেই মালিঙ্গার বিষধর ইয়র্কারে উপড়ে গেল সাকিব আল হাসানের উইকেট, বো..ল্ড! প্রথম ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডের চেহারা দাড়াল ১ রানে দুই উইকেট নেই।

নিজের ফিরে আসা ম্যাচে শুরুতেই এমন ঝড় তুলবেন মালিঙ্গা কে ভেবেছিল?

শুরুতে দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদ আরো বাড়ল ইনিংসের দ্বিতীয় ওভারেই। তামিম ইকবাল কব্জির ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন। সুরঙ্গাক লাকমালের একটা বল তার বাম হাতের কব্জিতে লাগে। এই হাতে কব্জির ব্যাথায় তামিম আগে থেকে ভুগছিলেন। সেখানেই ফের চোট লাগে। বাধ্য হন তামিম খেলা ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে। মাত্র তখন ৩ বলে ২ রান করেছেন তামিম। বাংলাদেশের স্কোর তখন ৩ রানে ২ উইকেট!

চটজলদি উইকেট পড়ে যাওয়ায় ব্যাটিং অর্ডারে একটু বদল আনে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনকে পাঠানো হয় একটু আগেভাগে। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মিঠুন যেন ম্যাচে নেমেছিলেন ভাগ্যকে সঙ্গে নিয়েই। মালিঙ্গার এক ওভারে তিনবার ক্যাচ দিয়েছিলেন তিনি। প্রথমবার তার ক্যাচ ফেলে দেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ওভারের শেষ বলে ফের ক্যাচ দেন মিঠুন। এবার শ্রীলঙ্কার এক ফিল্ডার ক্যাচটা ঠিকই ধরেন। কিন্তু উচ্চতার কারণে আম্পায়ার সেটা মালিঙ্গার নো বল কল করেন! নো বল খেলেন মুশফিক। সেই বলেও ক্যাচ উঠল। ক্যাচটা নিলেন ম্যাথুস। কিন্তু নো বলে তো ক্যাচ ধরে কোন লাভ নেই!

পঞ্চম ওভারটা পার হতে কোন মতে যেন নিঃশ্বাস ছেড়ে রক্ষা বাংলাদেশের! স্কোরবোর্ডে সঞ্চয় তখন ২ উইকেটে ১০ রান!

টসে জিতে ব্যাটিং বেছে নেয়া বাংলাদেশের জন্য এমন বিপদ অপেক্ষা করছিল সেটা কে ভেবেছিল?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.