ওয়ান নিউজঃ ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা নিয়ে দুশ্চিন্তা নেই। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। ডা. জাফরুল্লাহও তার সফর নিয়ে বিরোধিতা করেছেন।
মোদি যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন বিএনপি অন্যরকম ‘নয়েস’ (ঘোলাটে পরিস্থিতি) তৈরির চেষ্টা করেছিল। আমরা অনুরোধ করব, এই সফর নিয়ে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না করেন।
সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পাশাপাশি ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যাবেন। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.