দুটি দেশের কানেকটিভিটির মাধ্যমে মুক্তবাণিজ্যের উন্মোচনে ঐক্যমত্য
শেখ হাসিনা-রাজপাকসে বৈঠক
ওয়ান নিউজঃ ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুটি দেশ কানেকটিভিটির মাধ্যমে মুক্তবাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তিসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার ও কাস্টমস সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।
শনিবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বৈঠক করেন। পরে দুই নেতার উপস্থিতিতে যুব উন্নয়ন, কৃষি, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার চেয়ে অনেক কম। সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, এ বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এখন দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) যাওয়া উচিত।’
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বৈঠকে শ্রীলংকার বাজারে বাংলাদেশের অনেক পণ্যের উজ্জ্বল সম্ভবনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুই দেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন। শ্রীলংকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে শ্রীলংকা বিনিয়োগ করেছে। শ্রীলংকার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং হাইটেক পার্কগুলোতে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ বছরে ১৬ কোটি ডলারের মতো। এর মধ্যে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রপ্তানি করে চার কোটি ডলারের মতো।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শ্রীলঙ্কান প্রতিনিধি দলে ছিলেন দেশটির শিক্ষামন্ত্রী জিএল পিরিস, রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী তারক বালাসুরিয়া প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.