বিজিবি ক্যাম্পে অসহায় বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ ১০ লাখ টাকা চাঁদা দাবী

বার্তা পরিবেশক :
শহরের বিজিবি ক্যাম্প এলাকার চৌধুরী পাড়ার সাবমেরিন ক্যাবল এলাকার পেছনে অসহায় বৃদ্ধ জাফর আলমের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। জায়গা দখল ছাড়তে ১০ লাখ টাকা চাঁদা দাবী করছে উক্ত দখলদাররা। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কারো বিচার শালিস মানছেনা দখলদারার। তারা বৃদ্ধার বসতবাড়ির ২টি কক্ষ দীর্ঘ ২ বছর যাবৎ ভাড়া নিয়ে অবস্থান করার পর ভাড়া ও দিচ্ছেনা আবার দখলও ছাড়ছেনা। উল্টো ১০ লক্ষ টাকা না দিলে বড় ধরণের ঘটনা করে বৃদ্ধকে ফাঁসাবে বলে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। দখলদার প্রভাবশালীদের কবল থেকে রেহায় পেতে নিজ বাড়ি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে কক্সবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন চৌধুরীপাড়ার মৃত আবদুল খালেকের পুত্র জাফর আলম।
মডেল থানায় প্রদত্ত অভিযোগ থেকে জানা যায়, ঝিলংজা মৌজার বিএস ৩৫৮ নং খতিয়ানের বিএস ৬২৭৪ নং দাগের ১৬ কড়া জায়গা পৈত্রিক ও খরিদাসুত্রে মালিক অভিযোগকারি জাফর আলম। তার নামে জমির নামজারি খতিয়ান চূড়ান্ত রয়েছে। কিন্তু স্থানীয় সুরুত আলম তার পুত্র রুবেল, স্ত্রী ফরিদা বেগম, ছুরত আলমের ভাই মোঃ আলম, মোঃ আলমের পুত্র আবু তাহের মাসিক ভাড়ার ভিত্তিতে জাফর আলমের মালীকানাধীন ২টি ঘরে ভাড়া থাকে। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় ভাড়াটিয়ারা ঘরের ভাড়া ও দিচ্ছেনা এবং জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা চালাচ্ছে। তারা স্থানীয় বিচার অমান্য করে ও প্রভাব দেখিয়ে দখল ছাড়তে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে বলে জানা গেছে। গতবছর ১৪ এপ্রিল বিকাল ৩ টার দিকে তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য বললে উল্টো দখলদাররা জায়গার মালিক জাফর আলমের উপর হামলা চালায়। বর্তমানে উক্ত দখলদারদের হাত থেকে রক্ষা পেতে নিজ বাড়ি রক্ষায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় জাফর আলম। ২ বছরের বাড়ি ভাড়া না দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবীকারি দখলদার ও সন্ত্রাসীদের হাত থেকে অসহায় জাফর আলমের বাড়ি উদ্ধারে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে জবর-দখল বিষয়ে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল বলেন, এ ঘটনায় স্থানীয় গন্যমান্য লোকদের নিয়ে ২০১৮ সালে আমরা সালিশ করে রোয়েদাদ ঠিক করে দিয়েছিলাম কিন্তু ছুরত আলম গং বিচার না মেনে দখল ছাড়ছেনা উল্টো জাফর আলমকে হয়রানী করছে। প্রশাসন দ্রুত এ ঘটনার সমাধান না করলে প্রাণহানীর আশংকা রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.