প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ নতুন শিক্ষামন্ত্রীর

ওয়ান নিউজ ডেক্সঃ প্রশ্ন ফাঁস বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তা মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত  করে নব নির্বাচিত শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে শিক্ষা খাতের উন্নয়নে কাজ করবো।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রী যে বিশ্বাস আস্থা রেখেছেন তা রক্ষা করতে। সরকারকে জনগণ উজার করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। আমরা তা পূরণের চেষ্টা করব।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি অন্যতম। এই চ্যালেঞ্জ সারাবিশ্বেই আছে। সেগুলোর জন্য আমরা কাজ করে যাবো। সমালোচনা থাকলে তা আমরা দুজনে গুরুত্ব সহকারে নেবো।

এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দপ্তরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করবো। ইশতেহার বাস্তবায়নে তারা কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.