ওয়ান নিউজ ডেক্সঃ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
ফলাফল প্রকাশের পর সোমবার (৩১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে প্রথম কোনো সরকার বা রাষ্ট্র প্রধান হিসেবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর টুইটার বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আওয়ামী লীগের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৯ আসনে জয়ী হয়েছে। ওয়াকার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি ২০, জেপি (মঞ্জু) ১, বিএনপি ৫, গণফোরাম ২, স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী হয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.