পুলিশ-সশস্ত্র বাহিনী খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন
ওয়ান নিউজ ডেক্সঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন রেখেছেন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে হলে দেশ চলছে কীভাবে?
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা এই প্রশ্ন ছুড়ে দেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার দলের নির্বাহী কমিটির সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, বিএনপির কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, সশস্ত্র বাহিনী আছে। এ দেশের জনগণ আছে। দেশের বাইরে যাঁরা আছেন, তাঁরা আছেন।
সংসদে সম্পূরক প্রশ্নে সরকারি দলের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন এ বিষয়ে এবং খালেদা জিয়ার মামলা নিয়ে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাটি এখনো বিচারাধীন। বিচারক জানেন, কী রায় দেবেন। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিলে, অস্থিতিশীল পরিস্থিতি বা ভাঙচুর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.