ওয়ান নিউজ ডেক্সঃ শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে আজ শুক্রবারই (১৫ জুন) রমজানের শেষ দিন। তবে চলতি রমজান মাসের শেষ জুমা আজ। পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা নামে সমধিক পরিচিত।
রহমত, বরকত, মাগফেরাতের মাস রমজানজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। ইবাদত ও মোনাজাত কবুল হওয়ার বিশেষ সুযোগ বিবেচনা করা হয় রমজানের বিদায় আর ঈদের আগমনের সন্ধিক্ষণের শুক্রবারের জুমার দিনটিকে।
পবিত্র জুমাতুল বিদার দিনে বিশ্বজুড়ে আল-কুদস দিবসও পালিত হয়। যা রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে। ১৯৭৯ সাল থেকে ইরানে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির আহবানে আল-কুদস দিবস পালিত হয়ে আসছে।
এই দিবস পালনের উদ্দেশ্য হলো, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করা, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। জেরুজালেম শহর ‘কুদস’ বা ‘আল-কুদস’ হিসেবে পরিচিত হওয়ায় দিনটি এই নামে পরিচিত।
কুদস দিবসে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু করে দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি কামনা ও ফিলিস্তিনের মুসলমাদের জন্য বিশেষ মোনাজাত করা হবে।
রমজান মাস এমনিতেই ফজিলতপূর্ণ মাস। তন্মধ্যে দিনটি শুক্রবার হওয়ায় আরও তাৎপর্যপূর্ণ হয়েছে। শুক্রবারে এমন একটি সময় আছে, যে সময় মুমিন বান্দার মোনাজাত ও ইবাদত আল্লাহ বিশেষভাবে কবুল করেন। এ সময়টি হলো- দ্বিতীয় খুতবার আজানের সময় থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.