নীতিমালা অনুমোদন করেছে বিএসইসি

দেশে ও দেশের বাইরে ব্রোকারেজের ডিজিটাল বুথ স্থাপন।

ওয়ান নিউজ ডেক্সঃ  দেশে ও দেশের বাইরে ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ স্থাপনের জন্য এ-সংক্রান্ত নীতিমালা অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৪৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা-২০০০ এর অধীনে নিবন্ধিত স্টক ব্রোকারের ব্যবসা প্রসার এবং বিনিয়োগকারীদের কাছে সেবা সহজীকরণের জন্য ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেকহোল্ডার) নীতিমালা ২০২০ অনুমোদন করা হয়েছে। এতে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের সব নিবাসী ও অনিবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।

এ নীতিমালার অধীনে ব্রোকারেজের প্রধান কার্যালয় বা কোনো পূর্ণাঙ্গ শাখার সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে ডিজিটাল বুথ পরিচালিত হবে। দেশের ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায়ের ব্যবসায়িক কেন্দ্রের পাশাপাশি বিদেশেও ডিজিটাল বুথ স্থাপন করা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.