নির্দিষ্ট মেয়াদেই শেষ হবে মেট্রোরেলের কাজ

ওয়ান নিউজঃ রাজধানীতে মেট্রোরেল অথবা ম্যাস র্যা পিড ট্রানজিট (এমআরটি) লাইন ৬ এর প্রাথমিকভাবে উত্তরা তৃতীয় ফেজ থেকে রাজধানীর আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের মূল কাজ শুরু হয়েছে।

আজ বুধবার (২ আগস্ট)আগারগাঁও পরিসংখ্যান ভবনের সামনের সড়কে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭ কিলোমিটার এবং ৯টি স্টেশন থাকবে। সবার আগে এই অংশটুকু ২০১৯ সালের মধ্যেই উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এমআরটিতে মোট ২৮ জোড়া মেট্রোরেল চলাচল করবে রাজধানীতে। রাস্তার মাঝ বরাবর ওপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রোরেল। সময় লাগবে ৪০ মিনিটেরও কম।

প্রথমে মেট্রোরেলের মূল কাজের ফলক উন্মোচন করেন তিনি। এর পরে দোয়া ও মোনাজাত করা হয়। ফলক উন্মোচনে মন্ত্রী চলে যান সড়কের প্রধান অংশে। নিজেই চেপে বসেন পাইলিং মেশিন বা রিগে (RIG)।

পাইলিং মেশিনের ড্রাইভিং সিটে পাঁচ মিনিট বসে পাইলিং মেশিন চালান মন্ত্রী ওবায়দুল কাদের। নিজেই প্রায় এক মিটার পাইলিং করেন তিনি।এর পরে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

মেট্রোরেল প্রকল্পকে স্বপ্নের প্রকল্প উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা ঢাকাবাসীর স্বপ্নের প্রকল্প। ঢাকাবাসী এই প্রকল্পের দিকে চেয়ে আছে। উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেলের কাজ আরও একধাপ এগিয়ে গেছে। তবে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের সময় ঢাকাবাসী একটু দুর্ভোগে পড়বেন এটা সহ্য করার অনুরোধও করছি।

জানা গেছে, উদ্বোধন করা অংশে মোট ৯টি স্টেশন থাকবে। স্টেশনগুলো হচ্ছে উত্তরা নর্থ, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁও। সড়ক লেভেল থেকে স্টেশনের ছাদ পর্যন্ত উচ্চতা হবে ২৬ দশমিক ১ মিটার। ভায়াডাক্ট ও স্টেশনে মোট পাইলের সংখ্যা ২১২০টি। এই অংশটুকু ইতালীয়-থাই ডেভেলপমেন্ট পাবলিক কম্পানি লিমিটেড নির্মাণ করবে। ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটিতে জাইকা অর্থায়ন করছে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.