মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকেঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে কোনাপাড়া আশ্রিত রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি। এতে মোঃ আনসারুল্লাহ (১২) নামের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। তার পিতা কোনার পাড়া রোহিঙ্গা শিবিরের জমির হোসেন বলে জানিয়েছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। বৃহস্পতিবার (২৮ জুন) বিকাল ৪টার এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত ঐ শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। জানা যায়, নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমানা পিলার ৩৪/১ এস এর বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ৫০ গজ ভিতরে তুমব্রু রাইট ক্যাম্পের নীচে কোনারপাড়া জিরো লাইনে রোহিঙ্গা তিন শিশু লাকড়ী কুড়াতে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে মিয়ানমার বিজিপি সদস্যরা। এতে রোহিঙ্গা শিশুটি গুলিবিদ্ধ হয়। সে মিয়ানমারের মংডু জেলার ডেকুবুনিয়ার রাইমংখালী গ্রামের বাসিন্দা। তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, গুলিবর্ষণের ঘটনায় জিরোপয়েন্টে আশ্রয় নেয়া ৪ হাজার রোহিঙ্গার মাঝে আতংক বিরাজ করছে। অনেক রোহিঙ্গা আতংকে বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নোমান হোসেন জানান, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে লাকড়ি কুড়াতে গিয়ে এ হামলার শিকার হয়েছে ওই রোহিঙ্গা শিশুটি। তবে বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, ঘটনাটি কোনার পাড়া সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। বিষয়টি তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.