ডেস্ক নিউজ:
অস্ত্রোপচারের পর দ্রুতই সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। দু-একদিনের মধ্যেই সাবেক এই তারকা ফুটবলারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুকে।
রয়টার্সের খবরে জানা গেছে, গত মঙ্গলবার ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এ সম্পর্কে লুকে বলেন, ‘এখন বাড়ি ফেরার সময় হয়েছে ম্যারাডোনার। আগামীকালই হয়তো সেটা হতে পারে। তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন, যা খুবই ভালো লক্ষণ।’
একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহ আগে ম্যারাডোনা আইসোলেশনে চলে গিয়েছিলেন। গত ৩০ অক্টোবর ৬০তম জন্মবার্ষিকীতে আর্জেন্টাইন প্রিমিয়ার লিগের ক্লাব জিমানসিয়ার স্টেডিয়ামে গিয়েছেন ম্যারাডোনা। সেখানে তাঁকে শারীরিক ভাবে খুবই অসুস্থ মনে হয়েছিল। এমনকি তিনি ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। খুব বেশীক্ষণ ক্লাবটিতে থাকেতে পারেননি। এর পরই তাঁকে ক্লাবের কাছাকাছি একটি ক্লিনিক লা প্লাটায় ভর্তি করা হয়। তখন তাঁর রক্তশূন্যতা ও পানিশূন্যতার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। দ্রুতই বুয়েন্স আয়ার্সের একটি বিশেষজ্ঞ হাসপাতালে ম্যারাডোনাকে স্থানান্তর করা হয়, সেখানেই তাঁর সফল অস্ত্রোপচার হয়। তবে তিনি করোনায় আক্রান্ত হননি।
ম্যারাডোনার তিন মেয়ে ডালমা, গিয়ানিয় ও জানা প্রতিদিনই হাসপাতালে বাবাকে দেখতে যান। তবে ইতালিতে থাকা বড় ছেলে দিয়েগো জুনিয়র বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁর পক্ষে এই মুহূর্তে বুয়েন্স আয়ার্সে যাওয়া সম্ভব নয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.