দেশে সাধারণ ছু‌টি আরও ৩ দিন বাড়ল

 নিজস্ব প্রতিবেদকঃ সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন এ তথ্য জানিয়েছেন।

গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে ছুটি বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

আগামি সপ্তাহে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এমনিতেই সরকারি ছুটি। এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বৈশাখের আনুষ্ঠানিকতা বাতিলের চিঠি ইস্যু করেছে।

সচিবালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, যদি করোনা পরিস্থিতি সামনে আরো অবনতি হয় তাহলে ছুটি বেড়ে ১৮ এপ্রিল পর্যন্ত যাবে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মারা গেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.