দেশে একদিনেই সর্বোচ্চ আক্রান্ত ১৭৭৩ জন ও মৃত্যু ২২ জন

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তন হয়েছে ১৭৭৩ জন। মৃত্যু হয়েছে আরও ২২ জনের। সুস্থ্য হয়েছে আরও ৩৯৫ জন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪ জনের। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২ জনের। এটি একদিনে সর্বোচ্চ পরীক্ষা। এর আগে গতকাল (২০ মে) ১০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষার কথা জানানো হয়।

নাসিমা বলেন, নতুন পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গতকাল ২০ মে শনাক্ত হয়েছিল সর্বোচ্চ ১ হাজার ৬১৭ জনের। এ পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ৮৫২ জনের করোনা পরীক্ষা করে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।

এছাড়া এই সময়ে মৃত্যু বরণ করেছেন ২২ জন। এর আগে গত ১৮ ও ১৯ মে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু ৪০৮ জনের। নতুন মৃতদের মধ্যে ১৯জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৮জন।
দেশে করোনা ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন গোটা বিশ্বেই দাপট দেখাচ্ছে। বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার পর‌্যন্ত বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২৯ হাজার ৯২৫ জনে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫০ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৭ লাখ তিন হাজার ৪২৪ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৪৩১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ৭০ হাজার ৬৮৬ জন সুস্থ হয়ে উঠেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.