ঢাকা কে হারিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গড়পড়তা সংগ্রহ নিয়ে মাঠে নেমেছিল ঢাকা প্লাটুনের সদস্যরা। তারকাসমৃদ্ধ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং লাইন-আপকে তাই হুড়মুড়িয়ে ভেঙে দিতে পারল না তারা। ফলে বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির এলিমিনেটর থেকে বিদায় নিল মাশরাফি বিন মোর্তজার দল। কোয়ালিফায়ারে উঠে গেল মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম।

আজ সোমবার (১৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের এলিমিনেটরে মাশরাফিদের ৭ উইকেটে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়ের জন্য চৌদ্দ বল হাতে রেখেই ১৪৫ রানের লক্ষ্য পেরিয়ে যায় মাহমুদ উল্লাহ রিয়াদের দল।

ক্রিস গেইল ও জিয়াউর রহমানের ওপেনিং জুটি চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন। দলীয় ৪২ রানে উইকেট ছাড়ার আগে ১২ বলে তিন চার ও দুই ছক্কায় ২৫ রান করেন জিয়া।

দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে গেইল ৪৯ রানের জুটি গড়েন। শাদাব খানের বলে থিসারা পেরেরাকে ক্যাচ দেয়ার আগে ২২ বলে এক চার ও তিন ছক্কায় ৩২ রান করেন ইমরুল।

দলীয় ১০২ রানে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। শাদাবের বলে ৪৯ বলে ৩৮ রান করা গেইলকে একহাতে তালুবন্দি করেন মাশরাফী।

জয়ের বন্দরে পৌঁছতে আর উইকেট হারাতে হয়নি চট্টগ্রামকে। বাকি কাজ সাড়েন মাহমুদ উল্লাহ ও চ্যাডউইক ওয়াল্টন জুটি। অপরাজিত ৪৫ রানের জুটি গড়েন তারা।

এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে ঢাকা। অপরাজিত থেকে ৪১ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন পাক ব্যাটসম্যান শাদাব খান। নবম উইকেট জুটিতে মাশরাফীকে সঙ্গী করে ৪০ রানের অসাধারণ এক জুটি গড়েন তিনি।

অন্যদের মধ্যে মুমিনুল হক (৩১) ও থিসারা পেরেরা (২৫) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

চট্টগ্রামের বোলারদের মধ্যে ক্যারবীয় পেসার রায়াদ এমরিট ২৩ রানে তিন উইকেট নেন । দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যাল মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হারা দল হবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.