ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সকাল সাড়ে দশটায় বিমানের উড়ান শুরু। দুবাইয়ে আড়াই ঘণ্টার যাত্রা বিরতি। তারপর একটানা লম্বা ফ্লাইট যখন ডাবলিন বিমানবন্দরে নামলো তখন বাংলাদেশের ঘড়িতে রাত দুটোর বেশি! আর আয়ারল্যান্ডে সন্ধ্যা হলো মাত্র।
রাতে হোটেলে বিশ্রামে কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ দল ঠিকই মাঠে চলে এলো। জেটলেগ কাটিয়ে উঠতে হাত-পায়ের মাংসপেশিকে সচল রাখতে ক্রিকেটাররা হালকা চালে শরীর চর্চায় নেমে পড়েন। লম্বা সফরের ধকল যাতে কাউকে পেয়ে না বসে সেজন্য প্রথমদিনের অনুশীলনে তেমন কঠিন কোন সেশন ছিলো না। স্বাভাবিক ফিটনেস চর্চায় মূলত সবাই মনোযোগ দেন। ব্যাট-বল নিয়েও টুকটাক অনুশীলন করেন কেউ কেউ। তবে নেট অনুশীলনে কোনো বাধ্যবাধকতা ছিলো না।

ডাবলিন শহরতলীতে পেমব্রোক ক্রিকেট ক্লাবে বাংলাদেশ দল তাদের প্রথমদিনের অনুশীলন করে। মাঠে নামতেই কনকনে বাতাসের ঝাপটায় মিললো টিপিক্যাল ইংলিশ কন্ডিশনের স্পর্শ। দলের সব খেলোয়াড়রা সুয়েটার বা পুলওভার পরে মাঠে আসেন। কানটুপিতে শীত এড়ানোর চেষ্টা চালান। ডাবলিনের আবহাওয়া জানাচ্ছে বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার তালু পোড়ানো ৩৫ ডিগ্রি সেলসিলাস থেকে হঠাৎ করে ডাবলিনের ১৩ ডিগ্রি কনকনে ঠান্ডার মধ্যে পড়ে ক্রিকেটাররা বেশ অস্বস্তির মধ্যেই পড়েন। পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াটাই হবে এই সফরের শুরুতে ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়।
বিসিবি সূত্র জানিয়েছে- শুক্রবার পুরোদুস্তর অনুশীলনে কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেট শুরু হচ্ছে ৫ মে থেকে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.