ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে শ্রীলঙ্কা সফর। সে সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি যাবেন কী যাবেন না, সেটি নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় উড়িয়ে আজ শুক্রবার (২১ আগস্ট) ম্যাকেঞ্জি জানিয়ে দিলেন, টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবেই আর থাকছেন না তিনি।
এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্রও দিয়েছেন এই প্রোটিয়ান। ম্যাকেঞ্জির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরি সুজন। তিনি বলেন, ‘নিল ম্যাকেঞ্জি বিসিবি বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। তবে পরবর্তী কোনো সময় বাংলাদেশ ক্রিকেট যদি তাকে আবার ডাকে, তবে তিনি এখানে কাজ করতে আগ্রহ বলে জানিয়েছেন।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী আরও যোগ করেন, ‘তিন বাংলাদেশের সবচেয়ে পছন্দের কোচের মধ্যে অন্যতম। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের বদলে দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিসিবির পক্ষ থেকে, আমরা তার মঙ্গল কামনা করছি।’
২০১৮ সালের জুলাইয়ে টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। দলের সঙ্গে যোগ দানের পর থেকে বাংলাদেশি ব্যাটসম্যানরা তার থেকে নিজেকে শাণিত করতে থাকেন। লিটন দাসের ব্যাটিংয়ের উন্নতিতে তার অবদান অনেক। এছাড়াও অভিজ্ঞ টাইগার ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট প্রায় সবাই এই প্রোটিয়ানের কাজের প্রশংসা করেন। শুরুতে কেবল টাইগারদের সীমিত ওভারের ক্রিকেট নিয়ে কাজ করার কথা ছিল ম্যাকেঞ্জির। তবে শেষে বিসিবির অনুরোধে তিন ফরম্যাটে ব্যাটসম্যানদের পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি।
এদিকে নিজের পদত্যাগের বিষয়ে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকেঞ্জি জানিয়েছেন, মূলত পারিবারিক কারণে নিয়েছেন এমন সিদ্ধান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ, পরিবার থেকে দূরে থাকতে চাই না। কোভিড পরিস্থিতি, এরকম সূচি ও সব সংস্করণে কাজ করা…পরিবার থেকে যে সময়টুকু দূরে থাকতে হবে, তা একটু বেশিই।’
টাইগার ক্রিকেটে কাজ করতে পেরে সম্মানিতবোধ করছেন জানিয়ে ম্যাকেঞ্জি আরও যোগ করেন, ‘টাইগারদের হয়ে দায়িত্ব পালনের সময়টুকু আমার দারুণ ছিল এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাদা একটি জায়গা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এখানে দারুণ কিছু মানুষের সঙ্গে কাজ করতে পেরেও নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
এদিকে ম্যাকেঞ্জির শ্রীলঙ্কা সফরে যাওয়ার বিষয়ে শুরু থেকে অনাগ্রহ ছিল বলে সফরটির জন্য একজন ব্যাটিং পরামর্শক খুঁজছিল বিসিবি। তবে ম্যাকেঞ্জি পদত্যাগ করায় এখন চূড়ান্তভাবে একজনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিসিবি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.