ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ জিততে হবে, জিততে হবে বলে অনুশীলন-টিম বৈঠকে গলার রগ ফোলাচ্ছেন আর্জেন্টাইন কোচ। তারপর যখনি খানিকটা সময় পাচ্ছেন বুকে ক্রস এঁকে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে আরেকটা বাড়তি আর্জিও দিচ্ছেন। ফিসফিস করে এই আবেদন করলেও স্পষ্ঠত সেটা শোনা যাচ্ছে-‘প্রভু, আইসল্যান্ড যেন আজ না জেতে!’
শুধু নিজের জয় নয়, একই সময় অন্য ম্যাচে আইসল্যান্ডের অমঙ্গলও কামনা করছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের জন্য সমীকরণটাই যে অমন তাদের!
ঠিক যাকে বলে খাদের কিনারায় ঝুলে থাকা। রাশিয়া বিশ্বকাপে এখন সেই অবস্থানে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় এড়াতে হলে প্রথম শর্ত নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে। তবে সেই জেতাটাও কাজে লাগবে না যদি আইসল্যান্ড এদিন বড় ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে দেয়। আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান। তবে গোলগড় ভাল থাকায় পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার চেয়ে উপরে থাকছে আইসল্যান্ড। আর তাই আইসল্যান্ড যাতে তাদের শেষ ম্যাচে না জেতে সেজন্য বাড়তি প্রার্থনায় বসছে আর্জেন্টিনা। এছাড়া যে আর করার কিছু নেই।
তবে নাইজেরিয়া ম্যাচে লিওনেল মেসির জন্য অনেক কিছু করার আছে। পেছনের দুই ম্যাচে মেসি ঠিক যে মানের খেলোয়াড় সেই ধাঁচের খেলা দেখা যায়নি। খোলসে আটকে গেছে যেন মেসি ম্যাজিক। আজই নয়তো কখনোই নয়-এমন একটা অবস্থানে দাড়িয়ে আজ মেসির বিশ্বকাপ স্বপ্ন। দুই ম্যাচে একটায় ড্র এবং অন্যটায় বড় হারে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন এখন দুঃস্বপ্ন! পারবে সেই আঁধার পেরিয়ে আর্জেন্টিনা ভোরের স্বস্তির বাতাসের পরশ ফিরিয়ে আনতে?
এই প্রশ্নের বাস্তব উত্তর হল-সময়টা কঠিন এবং কাজটা আরও কঠিন। আর স্বাপ্নিক উত্তর হলÑ ভাল দল তো কঠিন কাজটাই সহজে করে দেখানোর যোগ্যতা রাখে। এজন্যই তো তারা ভাল দল। বড় দল। বিশ্বকাপ অনেক দলের পরীক্ষা নেয়। তবে আজ আর্জেন্টিনা যে পরীক্ষায় বসছে তার নাম-অগ্নিপরীক্ষা!
তবে সেই কঠিন পরীক্ষার প্রাথমিক বিষয়টা যখন নাইজেরিয়া তখন পেছনের ইতিহাস থেকে খানিকটা অনুপ্রেরণা আর্জেন্টিনা পেতেই পারে। বিশ্বকাপের ইতিহাস বলছে যখনই আর্জেন্টিনা-নাইজেরিয়া মুখোমুখি হয়েছে, জিতেছে কিন্তু আর্জেন্টিনাই। সেই হিসেব কি আজ ঠিক রাখতে পারবে মেসির দল?
পরের রাউন্ডে যাওয়ার জন্য যে সমীকরণ সেই সুত্রে এই ম্যাচের অংক কষলে অতি অবশ্যই বলা যায় আর্জেন্টিনা আজ পুরোমাত্রার অ্যাটাকিং মেজাজের ফর্মেশন নিয়েই নামবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোচের ৩-৪-৩ ফর্মেশন ধরা খাওয়ার পর কৌশল পাল্টাচ্ছে আর্জেন্টিনা। সম্ভাব্য তিনটি ফর্মেশন নিয়ে পেছনের কয়েকদিন অনুশীলনে চেষ্টা করেছেন আর্জেন্টিাইন কোচ সাম্পালিও। হিগুইন ও দিবালাকে সামনে রেখে তার পেছনে প্লে মেকার হিসেবে মেসি সঙ্গে মাঝমাঠে তিনজন ৪-৩-১-২ এই ফর্মেশনের ভালমন্দ নিয়ে আঁকাআকি চালিয়েছে আর্জেন্টিনা।
আজ যেহেতু জিততেই হবে, এই চিন্তায় চিরায়িত আক্রমনাত্মক আরো দুটি ফর্মেশন ৪-৩-৩ অথবা ৪-৪-২ এই পথেও হাঁটতে পারে আর্জেন্টিনা। বাঁচা-মরা ম্যাচ তাই আর্জেন্টিাইন কোচ তার একাদশ গঠনে দলের অভিজ্ঞদের ওপরই ভরসা রাখতে চাইবেন। ডি মারিয়াকে ও বানেগাকে একাদশে দেখা যেতে পারে। গোলকিপার উইলি কাবালোরোর ওপর আস্থা হারিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় এই ম্যাচে খেলবেন রিভারপ্লেটের গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। গোল পেতে হলে আর্জেন্টিনাকে আক্রমণের ক্ষেত্রটা বড় করতে হবে। সৃজনশীলতা খুঁজে পেতে হবে। গতির সঙ্গে নিখুঁত পাসিংয়ের মেলবন্ধন ঠিক রাখতে হবে। দুই পাশের উইং থেকে প্রচুর ক্রস ডি বক্সে ফেলতে হবে। সেট পিসের সুবিধাটা নিতে হবে। এবং গোলের সুযোগ মিস করা যাবে না।
একটা নয়, অনেক কাজ, অনেক দায়িত্ব নিয়ে নামছে আর্জেন্টিনা এই ম্যাচ জেতার জন্য!
নাইজেরিয়ার জানে ম্যাচ ড্র রাখতে পারলেই তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। আর আর্জেন্টিনা পুরোটা সময় ঝাঁপাবে গোল তুলে নিতে। তাই নিজেদের রক্ষণভাগ যাতে শক্তপোক্ত করে আর্জেন্টিনাকে আটকে দেয়া যায়- সেই পরিকল্পনাও আছে নাইজেরিয়া কোচের নোট খাতায়। আইসল্যান্ডের সঙ্গে জয়ী ম্যাচে নাইজেরিয়া ৩-৫-২ এর ফর্মেশন নিয়ে খেলেছিল। আর্জেন্টিনা ম্যাচে ৪-২-৩-১ এই ফর্মেশনেই আপাতত নিরাপত্তা খুঁজতে পারে নাইজেরিয়া। মোটেও অবাক হবেন না যদি ডি বক্সের আশেপাশে নাইজেরিয়া একাদশকে আপনি দাড়িয়ে থাকতে দেখেন! আর্জেন্টিনার গোলকিপারকে হয়তো বা দেখা যেতে পারে নাইজেরিয়ার পেনাল্টি এলাকায়!
আর্জেন্টিনার জন্য এটা গোল পাওয়া; আর নাইজেরিয়ার জন্য গোল ঠেকানোর ম্যাচ হয়ে উঠতে পারে!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.