জ্বালানী তেলে কারচুপির অপরাধে এনআরসি পেট্রোল পাম্পকে জরিমানা

এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ওজনে কারচুপির অপরাধে এক পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালীস্থ হাঁসেরদীঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে মেসার্স এনআরসি ফিলিং স্টেশনে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় জেলার বিএসটিআই’র কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় চারটি ফিলিং স্টেশনে সঠিক পরিমাপে তেল দেওয়া হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়৷
ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় উপজেলার ফাঁসিয়াখালীস্থ হাঁসেরদীঘি সংলগ্ন মেসার্স এনআরসি ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার অকটনে ২০০ মিঃ লিঃ করে ওজন পরিমাপে জ্বালানি তেল কম দিচ্ছে। জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স এনআরসি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা ও ক্রটিপূর্ণ মিটার ইউনিটের সাহায্যে জ্বালানি তেল সরবরাহ/বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা দেয়।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, বিএসটিআই’র কর্মকর্তাদের সাথে নিয়ে বিকেলে চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়৷ এসময় ফাঁসিয়াখালীস্থ হাঁসেরদীঘি সংলগ্ন এলাকার মেসার্স এনআরসি ফিলিং স্টেশন নামের একটি পাম্পে প্রতি ৫ লিটার অকটনে ২০০ মিঃ লিঃ করে ওজন পরিমাপে জ্বালানি তেল কম দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স এনআরসি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ক্রটিপূর্ণ মিটার ইউনিটের রিডিং সংশোধন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.