জ্ঞানান্বেষণ পাঠাগার’র ব্যতিক্রম উদ্যোগ সেলুন পাঠাগার

আরিফুল হাসান

“সুশিক্ষার আলোয় আলোকিত হোক বিশ্ব” এই শ্লোগানে ২০১৭ সালে কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামে গড়ে উঠে জ্ঞানান্বেষণ পাঠাগার। মাত্র ২৫ টি বই দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে পাঠাগারে রয়েছে হাজারের অধিক বই এবং দেশি-বিদেশী ম্যাগাজিন ও পত্রিকা। বই পড়া ও বিজ্ঞান চর্চা পাঠাগার’র মূল ব্রত। গত তিন বছর ধরে নানান সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িয়ে পড়েছে পাঠাগার। সম্প্রতি সারা রামু উপজেলায় বই পড়ার অভ্যাস ছড়িয়ে দিতে জ্ঞানান্বেষণ পাঠাগার সেলুন পাঠাগার প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের পরিকল্পনা করেন উপদেষ্টা তারিফ উজ জামান। মূলত প্রথম পর্যায়ে রামু উপজেলার ৪টি সেলুন এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে।

প্রকল্প সমন্বয়ক তারিফ উজ জামান জানান, রামু উপজেলার মূল টাউনে প্রায় পনের থেকে বিশটি সেলুন রয়েছে যার আকৃতি অনেক বড়। আমি নিজে একটি বিষয় লক্ষ্য করেছি যে, আমাদের প্রায়সময় সেলুনে যাতায়ত করতে হয় এবং সেলুনগুলোতে কখনো যাওয়া মাত্র দাড়ি কামাই কিংবা চুল কাটা যায় না। প্রায় প্রতিবারই আধ-ঘন্টা থেকে এক ঘন্টা সেলুনের লভিতে বসে অপেক্ষা করতে হয়। সে অপেক্ষার সময়গুলো শুধু শুধু অপচয় হয়। এই অলস সময়ে বসে থাকার সময় যদি কিছু বই হতের কাছে পাওয়া যায়, তাহলে সময়টা কোয়ালিটি সময় হয়ে দাঁড়াবে। বিভিন্ন ম্যাগাজিন এবং কবিতার বই, অঙ্কন, শিশুতোষ এই প্রকল্পের মূল জিনিষ। এই প্রকল্পে সার্বিক সহযোগিতা করেন সামাজিক সংগঠন “স্বপ্ন”। “স্বপ্নে”র চেয়ারম্যান সুমথ বড়ুয়া জানান, সেলুন পাঠাগার প্রকল্প আমরা আগেও বিভিন্ন খবরের বরাতে দেখেছি, বিশেষ করে পাশ্ববর্তী দেশ ভারতের কয়েকটি সেলুনে তারা নিজ উদ্দ্যেগে পাঠাগার করেছে। এই প্রকল্পের মাধ্যমে বই পড়ার অভ্যাস যদি একজনের মধ্যেও ছড়ায় এটা সামগ্রিক উপকার।

অল্প খরচে বাস্তবায়ন হয়েছে এই প্রকল্প। বই রাখার প্লাস্টিকের ঝুড়ি এবং পুরানো বিভিন্ন বই দিয়ে সেলুন মিনি লাইব্রেরী। এই প্রকল্পে বিনামূল্যে বই ও নানান ম্যাগাজিন দিয়ে সহযোগিতা করছে জাগতিক প্রকাশন এবং বাৎসরিক ম্যাগাজিন নির্বাণ। নিয়মিত তদারকির মাধ্যমে এই কার্যক্রম চলমান রাখতে ইতিমধ্যে পাঠাগার কার্যকরী পরিষদের একাংশের সাথে বৈঠক করেছেন প্রকল্প সমন্বয়ক তারিফ উজ জামান।

জ্ঞানান্বেষণ পাঠাগার’র সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া জানান, রামু উপজেলার ছোট্ট একটি গ্রামে আমাদের পাঠাগার অবস্থিত, এই সেলুন মিনি পাঠাগার প্রকল্পের মাধ্যমে সারা রামু উপজেলায় বই পড়া কার্যক্রম বিস্তৃত হবে। তাছাড়া আমাদের পরিকল্পনার মধ্যে কিভাবে সারা রামু উপজেলায় মোবাইল এপস এর মাধ্যমে অনলাইন অর্ডার এ ঘরে ঘরে বিনামূল্যে বই ধার দেওয়া যায় সে আলোচনাও বেগবান। আকাশচুম্বি স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ, অনেক পরিকল্পনা থাকলেও অনেক সময় অর্থাভাবে বাস্তবায়ন সম্ভব হয়ে উঠে না। আমরা সমাজের জন্যেই তো কাজ করছি, সমাজের বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসলে তবেই নিরবিচ্ছিন্ন কাজ সম্ভব।

২৬ ই জুলাই ২০২০ ইং বিকেল তিনটায় প্রকল্প সমন্বয়ক তারিফ উজ জামান এর সার্বিক তত্ত্বাবধানে রামু উপজেলার বাইপাসে অবস্থিত শাইন সেলুন, চৌমুহনী রায়হান কমপ্লেক্স সেলুন, প্রিয়জন সেলুন ও ফ্রেশ এন্ড হেয়ার কাটিং সেলুনে মিনি পাঠাগার চালু করা হয়। প্রকল্প বাস্তবায়নে উপস্থিত ছিলেন শিপ্ত বড়ুয়া, মামুন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, পিয়াল বড়ুয়া প্রমূখ। এখন থেকে এই মিনি সেলুন পাঠাগার’র সেবা নিতে পারবেন রামুর সাধারণ মানুষ। নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগত উদ্দ্যেগে সেলুন পাঠাগার গড়ে তুলতে আহবান জানান জ্ঞানান্বেষণ পাঠাগার । উল্লেখ্য যে, সম্প্রতি জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণ কাজ শুরু করেছে, পাঠাগার পাকাপোক্ত করতেও নানান প্রকল্পে সহায়তায় কার্যকরী পরিষদ সবার সার্বিক সহযোগিতা চেয়েছে। এই সহায়তা পাঠানো যাবে পাঠাগার’র ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং এ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.