চাকমারকুল মাদরাসা মসজিদে জুমার নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষের আশঙ্কা
সংবাদ বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসা মসজিদে ২৬ জুলাই জুমার নামাজ পড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
এ আশঙ্কার কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন দিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।
২৪ জুলাই ওই আবেদনে জানানো হয়েছে,
১৯৪৬ সাল থেকে চাকমারকুল মাদ্রাসার জামে মসজিদের নির্মাণসহ যাবতীয় ব্যয়ভার মাদ্রাসা বহন করে। মসজিদের তলার জমিটিও মাদ্রাসার নামে। জমি দাদা মরহুম মুহাম্মদ আলী সিকদার মাদ্রাসার ওয়াকফ দলিলের স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মুতাওয়াল্লি কক্সবাজার সদরের পিএমখালী নিবাসী মাওলানা ফয়জুল্লাহ (রহ.)। পরে মাদ্রাসার কমিটি কর্তৃক যিনি মুহতামিম (সেক্রেটারি, পরিচালক) হবেন তিনিই মুতাওয়াল্লীর দায়িত্ব পালন করবেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাকমারকুল মাদ্রাসা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থানের কারণে খন্ডকালীন শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাককে মাদ্রাসা থেকে বিধি মোতাবেক বহিষ্কার করা হয়। মসজিদের নিয়োগপ্রাপ্ত খতিব থাকা সত্ত্বেও জোরপূর্বক জুমার নামাজ পড়াতে থাকেন বহিস্কৃত মাওলানা আব্দুর রাজ্জাক। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসী অবগত।
সর্বশেষ গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় নিয়ে রামু থানা পুলিশের উপস্থিতে তুমুল বাকবিতন্ডা ও মারমুখী বাড়াবাড়ির ঘটনা ঘটে। মসজিদের আশেপাশে ভাড়াটে মাস্তান এনে জড়ো করে রাখে আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা অবস্থা বেগতিক দেখে থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উপস্থিত অধিকাংশ মুসল্লিদের মতামতের ভিত্তিতে নামাজ পড়ান নিয়োগকৃত খতিব মুফতি মাওলানা নুরুল হক।
জানা গেছে, ২৩ জুলাই রামু থানার ওসি (তদন্ত) ও স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্ততায় ঘটনার মীমাংসার চেষ্টা করলেও সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়। তাই গত জুমাবারের মতো আগামী জুমাতেও আইন শৃঙ্খলা পরিপন্থি ঘটনা ঘটতে পারে মনে করে স্থানীয় বাসিন্দারা। এমতাবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি মনে করেন মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছে, বিতর্কিত ও নিয়ম পরিপন্থি কর্মকাণ্ডের কারণে শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাককে বহিস্কার করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এর জের ধরে শিক্ষকদের হুমকি, ক্লাস রুটিন ছিঁড়ে ফেলা, শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগে মামলাসহ আইনশৃঙ্খলা পরিপন্থী নানা কর্মকান্ড করে যাচ্ছেন তিনি। মাদরাসার সিসি ক্যমেরাও খুলে নিয়ে যান আব্দুর রাজ্জাক। ধারাবাহিকতায় গত ১৯ জুলাই জুমার নামাজে হট্টগোল সৃষ্টির অপচেষ্টা চালান। ২৬ জুলাই ও বহিরাগত লোকজন দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারেন।
বহিষ্কৃত শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক স্থানীয় চিহ্নিত একটি চক্রের মদদে এসব কর্ম করে যাচ্ছে বলে এলাকাবাসী মনে করে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.