চকরিয়া মহাসড়কে পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর সময় সিএনজি গাড়ি উল্টে এতিম হাফেজ শিশু নিহত

এম.মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নিষিদ্ধ তিন চাকার সিএনজি চালিত একটি গাড়ি লকডাউন অমান্য করে যাত্রী নিয়ে ভাড়া যাচ্ছিল। সিএনজি গাড়িটি রবিবার বেলা দুইটার দিকে মহাসড়কের বানিয়ারছড়াস্থ স্টেশনের অদূরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের চেকপোষ্টের সামনে গেলে ওই গাড়িটিকে সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ। গাড়ির চালক পুলিশের সিগন্যাল অমান্য করে হাইওয়ে পুলিশের শরীফুল নামের এক কনস্টেবলকে মেরে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় কিছুদূর গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় যাত্রীবাহী সিএনজি গাড়িটি মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় এক শিশু যাত্রী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজি উল্টে মারা যাওয়া শিশুর নাম মো. নিশান (১৪)। সে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মহেশখাইল্যা পাড়া এলাকার আবুল কাশেমের পুত্র এবং স্থানীয় ছোবহানিয়া হেফজখানার শিক্ষার্থী।
সিএনজি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হাইওয়ে পুলিশ শরীফুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি গাড়ি উল্টে যাওয়ার পর স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে একযোগে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালালে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ সময় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়েন। পরে সেনাবাহিনীরও একটি টিম ঘটনাস্থলে গেলে পরিস্থিতি পুরো শান্ত হয়ে আসে।
বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো.আনিসুর রহমান বলেন, লকডাউন অমান্য করে মহাসড়কে নিষিদ্ধ সিএনজি (অটোরিক্সা) যাত্রী নেওয়ার সময় সিগন্যাল দিলে হাইওয়ে পুলিশের কনস্টেবল শরীফুলকে চালক ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি।
কিন্তু কিছুদূর গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গিয়ে এক শিশু যাত্রী গুরুতর আহত
হয়। আহত শিশু এবং পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপর আহত পুলিশ কনস্টেবলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয় কিছু লোক মিথ্যা গুজব ছড়িয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা হিসেবে ইট-পাটকেল ছোঁড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.