চকরিয়ায় সামাজিক দুরত্ব নিশ্চিতে ইউএনও-এসিল্যান্ডের পৃথক অভিযান : ৪২ হাজার জরিমানা, টিভি ও এনার্জি বাল্ব জব্দ
এম.মনছুর আলম,চকরিয়া:
করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে কক্সবাজারের চকরিয়ায় পৃথক ভাবে দুটি টিম অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ মামলায় ৪২হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মঙ্গবার ও বুধবার রাতে প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ অভিযান চালায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ মঙ্গলবার ও বুধবার রাতে করোনা সংক্রমণ বিস্তার রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। তিনি মঙ্গলবার রাতে চকরিয়া পৌরসভার পৌর কিচেন মার্কেট এলাকায় অপ্রয়োজনীয় জমায়েত এবং আড্ডা ছত্রভঙ্গ করেন। অভিযানে পাঁচটি মামলায় নির্দিষ্ট সময়ের বেশি সময় কাঁচা বাজার খোলা রাখায় ১৫ হাজার টাকা ও চিরিংগা ইউনিয়নে একটি মামলায় ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও চকরিয়া পৌরসভা ও চিরিংগা ইউনিয়নে লকডাউন না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বিভিন্ন দোকানের ৩২ টি এনার্জি লাইট জব্দ করেছেন। একই ভাবে বুধবার রাতেও
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভা ও ফাঁসিয়াখালি ইউনিয়নে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করেন। এসময় নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় দোকান খোলা রাখায় দায়ে একটি মামলায় ৩ হাজার টাকা অর্থ দন্ড, পৌরসভা ও ফাঁসিয়াখালি ইউনিয়নে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২টি টিভি ও ১৪টি এনার্জি লাইট জব্দ করেন।
অপরদিকে, বুধবার দুপুরে সরকারি নির্দেশনা ও লকডাউন অমান্য করে দোকান খুলে পণ্য বিক্রি করায় মালুমঘাট বাজারে অভিযান চালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন। এসময় তিনি বাজারে অধিকমূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় দায়ে দোকানদারকে ৮টি মামলায় মোট ২১হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানদারগণকে অধিকমূল্যে পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়৷ এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় ৮টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.