চকরিয়ায় মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শ্রমজীবি ৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
এম.মনছুর আলম,চকরিয়া :
করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়েও অঘোষিত ভাবে চলছে লকডাউন। এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের কাজকর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। সরকারের ঘোষিত আদেশ মেনে ঘরে বসে গৃহবন্দী হয়ে তারা সময় কাটাচ্ছেন। যার কারণে অসহায়, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম ভাবে আর্থিক সংকটে। এ দুর্যোগের মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে উপজেলার মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের তহবিল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় তিনশত বিশ পরিবারের অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (৭এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মানিকপুর এলাকার বিশিষ্ট সমাজসেব নাছির উদ্দীন সিকদার, শোয়াইব মানিক, জসিম উদ্দীন, মোঃ জোবাইর, রফিকুল ইসলাম, ইউপি সচিব নুরুল আলম, আহসান উল্লাহ, শমশুল আলম, মুজিবুর রহমান, নুরুল ইসলাম মণি,সহিদুর রহমান কায়সার, শেখ রাসেল মানিক, মোঃ হারুন, ব্যাংকার বখতেয়ার উদ্দী রুবায়েত, সাদ্দাম হোসেন মাছুম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক এস এম নূরুন্নবী বলেন , করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবি ও দরিদ্র পরিবার গুলো বেশি দুর্ভোগে রয়েছে। দুর্যোগের এই মুর্হুতে শ্রমজীবি এসব মানুষের পাশে সংগঠনের পক্ষথেকে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় এ দুর্যোগ মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে এলাকার কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে আমাদের দাঁড়ানো।
তিনি আরও বলেন, প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইউনিয়নের অনন্ত সাতটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবি পরিবারকে ও তাদের ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও জীবাণুনাশক সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট সবার হাতে তুলে দিয়েছি। তবে এ দুর্যোগ মুহুর্তে যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীর প্রাদুর্ভাবে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব বলে তিনি জানান।
উল্লেখ্য, মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক কর্মহীন, শ্রমজীবি ৩২০ দরিদ্র ও অসহায় পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দিতে যারা এ সংগঠনের জন্য অর্থ, শ্রম, মেধা ও সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.