এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সুযোগ নিয়ে একদল বনদস্যুরা রাতারাতি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে ফেলা অন্তত শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করেছে বনবিভাগ। এ সময় বনবিভাগের অভিযানে দখলমুক্ত করা হয় অন্তত ১২৫ হেক্টর সংরক্ষিত বনভূমি।
বনবিভাগ জানায়, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের অধীনস্থ কাকারা মৌজার আরএস ৪৮৫০ দাগের এসব সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। সোমবারসহ গত এক সপ্তাহ ধরে বনবিভাগের তিনটি পৃথক দল সংরক্ষিত বনাঞ্চল এলাকায় দফায় দফায় এ অভিযান চালায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো.তৌহিদুল ইসলামের নির্দেশনায় এবং ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষ মো.সোহেল রানার তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
এ সময় সাথে ছিলেন কাকারা বনবিট কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজায়গীরদারসহ স্থানীয় শ্রমিকরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তাদেরই নির্দেশনার আলোকে গত এক সপ্তাহ ধরে সাঁড়াশি অভিযান চালানো হয় কাকারা বনবিটের চাইল্যাতলী, বলিরজুম, কেট্রাঘোনা, হিমছড়ির ঘোনাসহ আশপাশের বেশ কয়েকটি সংরক্ষিত বনভূমিতে।
তিনি আরও জানান, এ সময় অন্তত শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করে ১২৫ হেক্টর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত এসব বনভূমিতে অচিরেই সামাজিক বনায়নের বাগান সৃজন করার পরিকল্পনা রয়েছে। এরপরও যদি কোন দখলবাজ-ভূমিদস্যুচক্র বনভূমি দখলের চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.