কোন উপহারের ডালি সাজিয়ে অপেক্ষায় ‘হোম অব ক্রিকেট’?
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ক্রিকেটে এদিক ওদিক সবদিক বিচারেই শ্রীলঙ্কাকে বলা যায় বাংলাদেশের বড় ভাই। ১৮৩২ সালে যে দেশটির কলম্বো শহরে ক্রিকেট ক্লাবের গোড়াপত্তন হয়, ওয়ানডে ও টেস্ট অভিষেক যাদের অনেক আগে- সেই লঙ্কা যে বাংলার চেয়ে এগিয়ে থাকবে তাই তো স্বাভাবিক। টেস্ট অভিষেকের পর টাইগারদের ১৩ বছর লেগেছিল লঙ্কানদের সাথে টেস্টে প্রথম ড্রটা করতে। ভারত মহাসাগরের ওপারের দেশটির বিপক্ষে প্রথম জয়টা তো এই সেদিন এলো। নিয়মিত জেতার সময় তো এখনো আসেনি। তার বেশ আগে থেকেই ম্যাচ ড্র করতে ঠিকই জানেন তামিম-সাকিবরা। চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে এমন ফলাফলই করেছেন তারা। গেল বছর শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্ট জিতে সিরিজে আগেই এগিয়ে থাকা স্বাগতিক দলটির সাথে সিরিজ ড্র করে এসেছিলেন লাল-সবুজের দুরন্ত বাঘেরা। ওটাই লঙ্কানদের বিপক্ষে টেস্টে টাইগারদের প্রথম জয়। এবার নিজের ঘরে, সৌভাগ্যের শহর চাটগাঁয় প্রথম টেস্ট ড্র করা হয়ে গেছে। এবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরুর লড়াইয়ে সেই একই দলকে হারিয়ে সিরিজ কি জিততে পারবে বাংলাদেশ?
ক্রিকেটিয় দৃষ্টিকোণ থেকে ভাবলে, বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ সবসময়ের জন্যই অত্যন্ত সফল, কারণ এই দুই দলের বেশিরভাগ ম্যাচেরই ফলাফল এসেছে। আর প্রায় ৭৮.৯৫ শতাংশেই জয়ের হাসি শ্রীলঙ্কার।

তবে বাংলাদেশের দিক থেকে লঙ্কান সিংহরা হতাশাজাগানিয়া প্রতিপক্ষের তালিকার প্রথম দিকেই থাকবে। এখন পর্যন্ত ১৯বারের দেখায় বাংলাদেশকে পরাজিত হতে হয়েছে ১৫টিতে। যে তিন ম্যাচ ড্র করতে পেরেছে টাইগাররা তার সবই ২০১৩ সালের পরে। লঙ্কানদের টেস্টে অভিষেক ১৯৮২ সালে। এর ১৮ বছর পর ২০০০ সালে ক্রিকেটের এই রাজ পরিবারে পা রাখা বাংলাদেশের। আর এই প্রবল প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের প্রথম ও একমাত্র জয় টেস্ট অভিষেকের দেড় দশকেরও তিন বছর পর। ২০১৭ সালে। সেটি আবার এই দেশটির শততম টেস্ট! বিশেষ ম্যাচ। যেটি জিতেই দেশ ও দেশের বাইরে মিলিয়ে লঙ্কানদের সাথে প্রথম টেস্ট সিরিজ ড্র করে তখনকার অধিনায়ক মুশফিকুর রহীমের দল।

অভিষেকের পরের বছরই সেই ২০০১ সালে শ্রীলঙ্কার সাথে প্রথম দেখা বাংলাদেশের। কলম্বোতে সেই ম্যাচটি ইনিংস ব্যবধানে হারলেও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হয়ে ঠিকই বিশ্ব কাঁপিয়েছিলেন। এরপরের গল্পগুলো অবশ্য বেশ হতাশার। সেই খেলার পর ২০১৩ সালের আগ পর্যন্ত ১১টি টেস্ট খেলেছিল দুই দল। ম্যাচগুলোর সবই জিতেছিল শ্রীলঙ্কা, ৬টি ছিল ইনিংস ব্যবধানে। এছাড়াও সর্বোচ্চ ১০ উইকেট এবং ৪৬৫ রানের পরাজয়ের লজ্জাও লঙ্কানরা দিয়েছিল টাইগারদের। তবে ২০১৩ সালের পর ফলাফলের জায়গাতে কিছুটা হলেও উন্নতি করতে পেরেছে টাইগাররা। সেই সময় থেকে চলতি সিরিজের চট্টগ্রাম টেস্ট পর্যন্ত ৭টি টেস্টে লড়েছে দুই দল। বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে, ড্র করেছে তিনটি। শ্রীলঙ্কার জয় তিনটিতে।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলে যেন বড় বড় কিছু করার নেশাতেই মাঠে নামতেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। যেমন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তিনি ১৫টি ম্যাচ খেলে ৯৫.৫৭ এর অবিশ্বাস্য গড়ে করেছেন ১৮১৬ রান। মোট ৭টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে যার ২টি ডাবল ও একটি ট্রিপল। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৩০০ পেরুনোর পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অবশ্য ওই ম্যাচটাও ড্র হয়েছিল। সেই কিংবদন্তি সাঙ্গাকারা টাইগারদের বিপক্ষে হাফ সেঞ্চুরিও করেছেন ৭টি। দলটির আরেক কিংবদন্তি বাঁহাতি স্পিনার মুত্তিয়া মুরালিধরন, টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড যার, সেই তিনি বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্টে ১৩.৩৭ গড়ে নিয়েছেন ৮৯ উইকেট, ইনিংসে ৫ উইকেট ১১ বার, ম্যাচে ১০ উইকেট ৪বার!

বাংলাদেশের ক্রিকেটাররা এত বড় কোন কিছু করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে খারাপ পারফর্ম করেননি। টাইগার ব্যাটসম্যানরা টেস্টে মোট ৪৯বার শতরানের ইনিংস খেলেছেন, যার মধ্যে সর্বোচ্চ ১৩টিই লঙ্কানদের বিপক্ষে। মুশফিকের দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিও তাদের বিপক্ষেই। মোহাম্মদ আশরাফুল যে ম্যাচে একটুর জন্য মিস করেছিলেন ডাবল সেঞ্চুরি। দু’জন মিলে রেকর্ড জুটিতে কি নাজেহালই না করেছিলেন লঙ্কান সিংহদের, তাদেরই মাটিতে।
বড় ভাই শ্রীলঙ্কার তুলনায় রেকর্ড ও পরিসংখ্যানে বাংলাদেশ স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হকের দুই ইনিংসেই সেঞ্চুরি, মুমিনুলের সাথেই মুশফিকের রেকর্ড জুটি এবং এই সাবেক অধিনায়কের একটুর জন্য সেঞ্চুরি মিস করার হৃদয়ভাঙা গল্প লেখা হয়েছে। এরপর ওই ম্যাচেরই শেষদিনে দলের খুব প্রয়োজনের সময় লিটনের ৯৪ রানের ইনিংস এবং মুমিনুলের সাথে ম্যাচ বাঁচানো জুটির কথা তো সবার জানা এখন। এছাড়াও প্রথম ইনিংসে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর গ্ল্যাডিয়েটরের মতো বীরোচিত ৮৩ রানের হার না মানা ইনিংসের কথা তো ক্রিকেট ইতিহাসের পাতায় আলাদা করেই উঠে গেছে, খুব বিশেষ হিসেবে। প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টে দুই সেঞ্চুরির ইতিহাসও মুমিনুলের চট্টগ্রামে লেখা।

এসবের যোগফলে পিছিয়ে পড়ে, হারের শঙ্কা জাগানো ম্যাচ ড্র করা- বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতায় অনেক পরিবর্তনের আভাসই দেয়। তা কাজে লাগিয়ে মিরপুর টেস্টে ফলাফল নিজেদের দিকে আনতে পারলে একদিকে যেমন ত্রিদেশীয় সিরিজে ফাইনালে পরাজয়ের ক্ষতে প্রলেপ দেয়া যাবে, লঙ্কানদের কাছে অতীতের বেদনাদায়ক কতোকিছুর জবাব দেওয়ার ব্যাপারটিও তো অপেক্ষায়। ঢাকায় তো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দল, যাদের দিয়েই টেস্ট ইতিহাসের শুরু, তাদের প্রথমবার হারানোর ঐতিহাসিক মধুর স্মৃতি এই সেদিনের।
এবার? কোনো উপহারের ডালি সাজিয়ে কি অপেক্ষায় আছে মিরপুর, শেরে বাংলার নামের স্টেডিয়াম, যেটি এই দেশটির হোম অব ক্রিকেট?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.