ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রতি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্রে মালামাল পাঠিয়ে দিয়েছেন।
সাভার, মেহেরপুর, জামালপুর, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের কাছে মালামালগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। ভোটের সরঞ্জাম বিতরণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসাররা এসব সরঞ্জাম গ্রহণ করছেন। পর্যাপ্ত নিরাপত্তায় গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জামাদি।
সাভার উপজেলার ২৮৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে সাভারের ঐহিত্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় বলে জানিয়েছেন সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।
সকাল ১০ টা থেকে মেহেরপুর সদর উপজেলা অফিস থেকে নির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারর মেহেরপুর সদর উপজেলা অফিসে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমের হাত থেকে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম বুঝে নিচ্ছেন। দুপুরের মধ্যে এসব সরঞ্জাম বিতরণ শেষ হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার ৫টি নির্বাচনী আসনের ৫৮১টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ বিভিন্ন সরঞ্জাম কড়া নিরাপত্তায় সরবরাহ করা হচ্ছে।
ঝালকাঠি জেলার ২৩৭ ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ভোট গ্রহণের ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি। আজ শনিবার সকাল ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসার মো. আতাহার মিয়া প্রিজাইডিং অফিসারদের কাছে মালামালগুলো বুঝিয়ে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৭৩৩ টি ভোট কেন্দ্র নির্বাচনের সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে গাজীপুরে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম। এছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পুলিশ, আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চত্বরে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী উপকরণ তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার কায়ছার মোহাম্মদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, তাহমিনা আফরোজ ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা।
কুমিল্লার ১১ টি আসনের ১৭টি উপজলোয় ১৩শ ১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী পৌঁছানোর কাজ চলছে। সকাল ১০টা থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে সদর আসনের সকল কেন্দ্রসহ প্রত্যেক উপজেলা থেকে ভোট কেন্দ্রসমূহে এসব সামগ্রী পৌছানো হচ্ছে। কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন সকল প্রস্তুতি ভাল ভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
আগামীকাল ৩০ ডিসেম্বর রোববার সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.