কায়েসের বিদায়ে শঙ্কায় বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ব্যক্তিগত ৩ রানে আউট সৌম্য সরকার। তিন নম্বরে নেমে ইমরুল কায়েসের সংগ্রহ মাত্র ৬। হতাশ করেছেন ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিকুর রহীমও। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনিও। ব্যক্তিগত ৯ রানেই সাজঘরে রওনা দিয়েছেন তিনি। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে বাংলাদেশ। তবে আশার কথা এখনও উইকেটে আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। দায়িত্ব নিয়েই ধীর স্থির ভাবে ব্যাটিং করছেন তিনি। তার ব্যাটেই তাকিয়ে আছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৫৯ রান। এক প্রান্তে দায়িত্ব নিয়ে ব্যাট করে ২৯ রানে অপরাজিত আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম। তার সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান।

কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের শুরুটা সাবধানেই করে বাংলাদেশ। প্রথম ৩ ওভারে ব্যাট থেকে রান আসে মাত্র ২। প্রথম ওভারে অবশ্য লেগ বাই থেকে একটি চার আসে। তবে চতুর্থ ওভারের তৃতীয় বলে তামিম ইকবালের ব্যাট থেকে আসে প্রথম চার। পরের ওভারে আরও দুটো চার মারেন তামিম। ৫ ওভার শেষে রান দাঁড়ায় বিনা উইকেটে ২২। কিন্তু পরের ওভারেই ছন্দপতন। হ্যাজেলউডের বলে খোঁচা মারতে গিয়ে আউট হন সৌম্য সরকার। ঝাঁপিয়ে পরে তার ক্যাচ তালুবন্দি উইকেটকিপার করেন ম্যাথু ওয়েড।

এরপর কুমিন্সের বলে ক্যাচিং অনুশীলন করিয়ে ফিরে যান ইমরুল। দুই উইকেটে চাপে পরা বাংলাদেশ তাকিয়ে ছিল তামিম ও মুশফিকের ব্যাটে। আগের ম্যাচে এ দুই ব্যাটসম্যান করেছিলেন ১৬৬ রানের জুটি। তবে এ ম্যাচ তা আর হতে দেননি মোজেজ হেনরিকস। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাকে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। মেহেদী হাসান মিরাজ ঢুকেছেন দলে। তাতে ৫ বোলার নিয়ে খেলতে নামছে টাইগাররা। অপরদিকে অস্ট্রেলিয়া দল থেকে কমেছে ১ পেসার। বাংলাদেশের লেগস্পিন দুর্বলতা জেনেই হয়তো একাদশে ঢুকেছেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম. মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মোজেজ হেনরিকেস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.