কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন শেখ হাসিনা

ওয়ান নিউজ ডেক্সঃ লন্ডনে ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৩টি সদস্য দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয় সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। দুই দিনের এ সম্মেলনে সদস্য দেশের নেতারা সমুদ্র সংরক্ষণ, সাইবার নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। দুই বছর পর পর কমনওয়েলথের সরকার প্রধানদের সভা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বাকিংহাম প্যালেসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেন। বলরুমে রানী প্রবেশ করেন রাজ পরিবারের সদস্যদের নিয়ে। সম্মেলন ঘিরে বাকিংহাম প্যালেসের বাইরের দিকটা সেজেছে রাজকীয় সাজে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা, ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধান যোগ দিয়েছেন।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রিন্স চার্লস। এরপর সম্মেলনের যৌথ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে বক্তব্য দেন।

কমনওয়েলথের বিদায়ী চেয়ারম্যান মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের বক্তব্যের পর সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্টকল্যান্ড।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কমনওয়েলথ মহাসচিব সরকার প্রধানদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’ এর ওপর দুটি সেশনে অংশগ্রহণ এবং কমনওয়েলথ মহাসচিবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.