এবার করোনা আক্রান্ত কক্সবাজারের একজন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের নানা জায়গায় চিকিৎসকরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার করোনা আক্রান্ত হলেন কক্সবাজারের একজন চিকিৎসক। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে রোববার ২৬ এপ্রিল ৭১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে একজন পজেটিভ পাওয়া গেছে। তিনি টেকনাফের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বাকী ৭০ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ। বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুব রহমান জানান, উক্ত মহিলা চিকিৎসককে বহনকারী সরকারি এম্বুলেন্সটি সন্ধ্যা পৌনে ৭ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম ফৌজদার হাটের বিআইটিআইডি এর উদ্দেশ্যে রওয়ানা করেছে।

তিনি আরো জানান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা একজন চিকিৎসকের করোনা সনাক্ত হওয়ার খবরে একটু বিষন্ন হলেও তাদেরকে সব সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

গত ২৪ জানুয়ারি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন চিকিৎসক, ১৬ জন নার্স, ২৮ জন কর্মচারী সহ মোট ৫৩ জনের স্যাম্পল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে টেস্টের জন্য পাঠানো হলে ২৬ এপ্রিল ডা. নাঈমা সিফাত এর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

ডা. অনুপম বড়ুয়া বলেন, ‘ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষণা করা হবে। এ নিয়ে মোট কক্সবাজারে ১৫ জন শনাক্ত হয়েছে। এই প্রথম কক্সবাজারে একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন।’

তিনি জানান, গত ২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারমধ্যে ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বাকী ৭৮৯ জন নেগেটিভ। কক্সবাজার মেডিকেল কলেজে রোববার দ্বিতীয় শিফট স্যাম্পল টেস্ট হতে পারে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.