ওয়ান নিউজ ডেক্সঃ মাঠে ক্রিকেটের ব্যস্ততা নেই। হাতে অহর্নিশ অবসর। ছুটির আমেজে এখন জাতীয় দলের ক্রিকেটাররা। দলের ৫ সিনিয়র ক্রিকেটারের মধ্যে চারজনই আছেন যুক্তরাষ্ট্রে। বাকীরা বৃহস্পতিবার ফিরছেন রাজধানী ঢাকায়। ওয়েস্ট ইন্ডিজের পর যুক্তরাষ্ট্র, দীর্ঘ এক সফর। ওয়ানডে আর টি-টুয়েন্টি দুটো ট্রফি সঙ্গে নিয়ে ফেরা দলটি এখন মেতে উঠবে ছুটির আনন্দে।
দলের সিনিয়রদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা সপরিবারে আছেন যুক্তরাষ্ট্রে। তামিম ইকবাল-মুশফিকুর রহীমও কয়েকটা দিন মার্কিন মু্ল্লুকে থাকবেন বলে দলের সঙ্গে ফিরেন নি। আর সাকিব আল হাসানের তো সেকেন্ড হোম যুক্তরাষ্ট্র। স্ত্রী-কন্যা দেশটির নাগরিক। তাদের সঙ্গে কিছুদিন কাটিয়ে পবিত্র হজ করতে যাওয়ার কথা আছে বাংলাদেশ অধিনায়কের।
তবে অবসর নেই মাহমুদউল্লাহ রিয়াদের। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে যাবেন এই অলরাউন্ডার। ‘সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টসের’ হয়ে মাঠে নামবেন তিনি। ৭০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে দলটি।
জাতীয় দলের বাকী ক্রিকেটাররা আনন্দে মেতে উঠবে ঈদ আনন্দে। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সপ্তাহ তিনেক সময় কাটাতে পারবেন তারা। এরপরই শুরু হয়ে যাবে ব্যস্ততা।
ঈদের পরই নতুন মিশনের জন্য মাঠে নেমে পড়বেন তামিম-মুশফিকরা। ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপের ক্যাম্প। প্রথম কয়েকদিন ফিটনেস ট্রেনিংয়ের পর সেপ্টেম্বরের শুরু থেকেই চলবে স্কিল ট্রেনিং।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে এই লড়াই শুরু ১৫ সেপ্টেম্বর। যেখানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর পরের ম্যাচ প্রতিপক্ষ আফগানিস্তান।
ওই টুর্নামেন্ট শেষ দেশে ফিরে ছুটি মিলবে না। কারণ এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আতিথ্য দেবে জিম্বাবুয়েকে। আবার বছরের শেষ প্রান্তে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সব মিলিয়ে ছুটি শেষে ব্যস্ত সূচি অপেক্ষা করছে মাশরাফি-সাকিবদের জন্য।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.