ঈদের ধারাবাহিকে মোশাররফ করিম
ঈদের বাকি কয়েকমাস। এখনই নির্মাতাদের কেউ কেউ ঈদের নাটকের শুটিং শুরু করে দিয়েছেন। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও ঈদের নাটকের কাজ করছেন। সাগর জাহান পরিচালিত ঈদ ধারাবাহিক ‘মাহিনের লাল ডায়েরী’তে বর্তমানে অভিনয় করছেন এই অভিনেতা। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে এ নাটকের শুটিং চলছে। ধারাবাহিকটির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। এর আগে একই পরিচালকের ‘মাহিনের পাদুকাজোড়া’, মাহীনের ‘নীল তোয়ালে’ এবং ‘মাহীনের অনেক সাধের ঘড়ি’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মোশাররফ করিম। এ নিয়ে চতুর্থবারের মতো ‘মাহীন’ শিরোনামের নাটকে অভিনয় করছেন তিনি। মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে সাগর জাহান একজন গুণী নাট্যরচয়িতা এবং নির্মাতা। সবসময়ই তার নির্দেশনায় কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি কমপ্লিট ইউনিটে কাজ করার ভালোলাগা অন্যরকম। কারণ সবকিছুই তৈরী থাকে। শুধু অভিনয়টা নিয়েই ভাবতে হয় শিল্পীকে। সাগর জাহানের ইউনিটে কাজ করে এই ভালোলাগাটা হয় আমার। যথারীতি আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আমার বিপরীতে আছেন নূসরাত ইমরোজ তিশা। আশা করছি এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় যথারীতি আরটিভিতে প্রচার হবে সাত পর্বের এই ধারাবাহিকটি। এতে আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, হারুন ও একে আজাদসহ অনেকে। পরিচালক সূত্রে জানা গেছে, এই ধারাবাহিকের শুটিং শেষে মোশাররফ করিম ও তিশা খন্ড নাটক ‘মাছের দেশের মানুষ’-এও অভিনয় করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.