ঈদগাঁওতে কৃষকরা দুশ্চিন্তায় ভুগছে

 

আলা উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজার সদরের ঈদগাঁওতে শ্রমিক সংকটের কারণে ধান কাটা ও মাড়াই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। সেইসঙ্গে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও সন্দিহান তারা।

সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলীর কৃষক মমতাজ আহমদ, নুর আহমদ, হাসু ও ফরিদ জানান, চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকা মাকড়ের তেমন একটা উপদ্রব না থাকায় এবারে বোরো ধানের চাষ বেশ ভালো হয়েছে।

তারা আরও জানান, আমরা আশা করছি ১০-১৫ দিনের মধ্যে মাঠের সব ধান কাটা ও মাড়াই শুরু করতে পারব।

তবে আমরা দুশ্চিন্তায় পড়েছি শ্রমিক নিয়ে। কারণ এই অঞ্চলে সাধারণত বাইরের থেকে শ্রমিক এসে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করত। এমনিই শ্রমিক সংকট, করোনার কারণে সেই সংকট আরও তীব্র হবে।

এছাড়াও স্থানীয় যেসব শ্রমিক রয়েছে, তাদের দ্বারা এত ধান কাটা ও মাড়াই করা প্রায়ই অসম্ভব।

সরকার যদি বাইরে থেকে কৃষি শ্রমিকদের পাঠানো ব্যবস্থা করে তাহলে আমরা উপকৃত হবো।

তারা আরও জানান, গত দুই-তিন দিন ধরে আকাশের অবস্থা খুব খারাপ, সারাদিনই আকাশ মেঘলা থাকছে। কখন যে মুষলধারে বৃষ্টি হয় এই দুশ্চিন্তায় পড়ে গেছে সাধারণ কৃষকরা‌।

তাছাড়া গতবছর ধানের দামও ভাল পাইনি। যার কারণে আমরা ধান চাষাবাদ করে লোকসানের মধ্যেই রয়েছি। এবার কিছুটা ভালো দামে বিক্রির আশায় ছিলাম। কিন্তু সারা দেশ জুড়ে করোনা ভাইরাস এর কারণে মানুষ গৃহবন্দি হয়ে পড়ে থাকার কারণে যান চলাচল বন্ধ থাকায় বাইরের পাইকারি ক্রেতারা ও যদি আসতে না পারে, তবে ধানের দাম যে কী হবে তাও আমাদের দুশ্চিন্তায় ফেলেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.