ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথম দুই টেস্টে হারের পর তৃতীয় টেস্টে ২০৩ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্তভাবে ফিরে এলো ভারতীয় দল। ইংল্যান্ডের পক্ষে সিরিজের ফলাফল এখন ২-১। ফলে এই সিরিজে নতুন করে আশা দেখছেন বিরাট কোহলিরা।
গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৯ উইকেটে ৩১১। বুধবার ম্যাচের শেষদিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল মাত্র একটি উইকেট। বুধবার তৃতীয় ওভারেই জেমস অ্যান্ডারসনকে (১১) আউট করে ভারতকে জেতালেন রবিচন্দ্রন অশ্বিন।
এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় দল ৩২৯ রান করে। বিরাট ৯৭ ও অজিঙ্কা রাহানে ৮১ রান করেন। ভারতের বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
পাঁচ উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। প্রথম ইনিংসে মাত্র তিন রানের জন্য শতরান হারালেও, দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেন বিরাট। চেতেশ্বর পূজারা ৭২ ও হার্দিক অপরাজিত ৫২ রান করেন।
৫২১ রানের টার্গেট তাড়া করে ইংল্যান্ড জয় পাবে, এটা বোধহয় অতি বড় ইংরেজ সমর্থকও আশা করেননি। শেষপর্যন্ত ৩১৭ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। পাঁচ উইকেট নিলেন জাসপ্রিত বুমরা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে শতরান করেন জোস বাটলার (১০৬)।
এছাড়া বেন স্টোকস (৬২) ও আদিল রশিদ (৩৩ অপরাজিত) লড়াই করেন। তবে তাতে ভারতের জয় পেতে কোনো সমস্যা হয়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.