আজ পেলের রেকর্ডটা ভেঙে দেবেন মেসি?
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গত শনিবারই পেলের এক ক্লাবের সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন তারকার এখন ব্রাজিল কিংবদন্তির কাছ থেকে রেকর্ডটা কেড়ে নেওয়ার পালা।
মেসি সেই সুযোগ পেয়ে যাচ্ছেন আজ রাতেই। স্প্যানিশ লা লিগায় আজ ম্যাচ রয়েছে বার্সেলোনার। প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ। তো ভায়াদোলিদের বিপক্ষে আজ একটা গোল করতে পারলেই রেকর্ডটা পেলের কাছ থেকে কেড়ে নিয়ে একান্তই নিজের করে ফেলবেন মেসি। মেসি-ভক্তরা নিশ্চিত করেই চাইবেন, তাদের প্রিয় তারকা রেকর্ডটা আজই গড়ে ফেলুন।
বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই পেলে কাটিয়ে দেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। স্বদেশি এই ক্লাবটির জার্সি গায়ে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় খেলেছেন তিনি। দীর্ঘ এই সময়ে সান্তোসের জার্সি গায়ে তিনি মোট অফিসিয়াল গোল করেছেন ৬৪৩টি। যা এক ক্লাবের হয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল করার রেকর্ড। এরপর ১৯৭৪ সালে তিনি সান্তোস ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল নিউইয়র্ক কসমসে। সেই থেকে দীর্ঘ ৪৬ বছর ধরে রেকর্ডটি পেলের একার দখলেই ছিল।
কিন্তু বর্তমানে রেকর্ডটা আর তার একার নেই। গত শনিবার মেসি তাতে ভাগ বসিয়েছেন। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হতাশায় পুড়ে বার্সেলোনা। এই ড্র হতাশার ম্যাচে একটি গোল করেন মেসি। যে গোলটি তাকে বসিয়েছে পেলের পাশে। আজ তার সামনে সুযোগ পেলেকে টপকে যাওয়ার। আজ নয়তো কাল, মেসি পেলের রেকর্ডটা অবশ্যই কেড়ে নেবেন। তবে ফুটবলপ্রেমীরা চাইবেন, রেকর্ডটা তিনি আজই গড়ুন। বিশেষ করে বিশ্বজুড়ে তার ভক্ত-সমর্থকেরা।
অতি ভক্তরা হয়তো মেসিকে সরাসরি রেকর্ড গড়তে দেখার আশায় টিভি সেটের সামনে খেলা দেখতেই বসে যাবেন। মেসি আজ রেকর্ডটা গড়তে পারেন কিনা, আপনিও কি তা সরাসরি দেখতে চান? সরাসরি দেখতে চাইলে আপনা আরামের ঘুম হারাম করে রাত জাগতে হবে। ভায়াদোলিদ-বার্সেলোনার ম্যাচটা যে আজ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ম্যাচটা সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.