ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ভারতের দলীয় সংগ্রহ ৬১। কোহলি ২১ ও রাহুল ২৬ রানে ব্যাট করছিলেন।
এর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। কেমার রোচের বলে সাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা।
ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। ফলে টুর্নামেন্টের পরের পর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে হোল্ডাররা। আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না।
অন্যদিকে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯। অবশ্য বোলিংয়ে বুমরাহ, শামি, চাহাল, কুলদীপরা ভারতের বড় ভরসা। ভালো ছন্দেও আছেন তারা। গেইল-হেটমায়ারদের আটকে দিতে চাহাল-কুলদীপই ভারতের মূল অস্ত্র। তাই আজকের ম্যাচে ভারত সব বিভাগেই এগিয়ে থাকবে।
ভারত একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.