আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত রামুর কৃষক

আনিস নাঈমুল হক,রামু।

রামু উপজেলায় বিভিন্ন গ্রামে  শীতকালের আগমনে কৃষকেরা অগ্রীম শীতকালীন সবজি চাষ শুরু করেছেন । সে সময় বাজারে মিলবে শীতের নানা সবজি। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, লাউ, শসা, মুলাসহ শীতকালীন নানা সবজির দেখা পাওয়া যাবে বাজারে।
এসব সবজি চাষে রামুর চরাঞ্চলে চলছে কৃষকের ব্যস্ততা। সবজি রোপণ ও খেত পরিচর্যায় কৃষক এখন মাঠেই বেশি সময় পার করছেন। দিনে আবহাওয়া গরম থাকলেও রাত এবং ভোরে কোথাও কোথাও কুয়াশা পড়ে। এছাড়া শীতের হিমেল হাওয়াও অনুভূত হয়। ক’দিন পরই শীতের আগমন ঘটবে।


শীত মৌসুম সামনে রেখে প্রচন্ড গরম ও তাপপ্রবাহ সহ্য করে সদ্য রোপিত সবজি খেতে ব্যস্ত রয়েছেন রামু উপজেলার চরাঞ্চলের ১১ ইউনিয়নের লক্ষাধিক কৃষক। তাদের লক্ষ্য, শীতের শুরুতেই আগাম শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, বেগুন, লাউ, ঢ্যাঁরসসহ নানা সবজি বাজারে তুলে বাড়তি মূল্য হাতে পাওয়া। তাই চারা পরিচর্যা, পোকার আক্রমণ ঠেকানোর জন্য কীটনাশক ছিটানো আর খেতের আগাছা পরিষ্কারে লেগে রয়েছেন তারা।
পূর্ব রাজারকুল  গ্রামের একাধিক কৃষক জানান, প্রতি বছর তারা শীতের সবজি আবাদে মনোযোগ দেন। সারা বছর ধান বা অন্য ফসল চাষ করে যে আয় হয়, তার চেয়ে বেশি হয় শীত মৌসুমের সবজিতে। রামু উপজেলার কাউয়ারখোপ,জোয়ারিয়ানালা,রাজারকুল,গর্জনিয়া বাকঁখালীর খালের পার্শবর্তী জমিতে বালুর আস্তরণের কারণে ধানের ফলন ভালো হয় না। এসব ইউনিয়নের অর্ধশত গ্রামে উৎপাদিত শীতকালীন সবজি কক্সবাজার জেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ফলে প্রতি বছর এসব গ্রামের কৃষক শীতকালীন সবজির ওপর ভরসা করেন।
উমখালি গ্রামের কৃষক আবুল বাশার বলেন, আমি ১০ কাঠা জমিতে ফুলকপি আর শিম লাগিয়েছি। খরচ হবে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা। সবজি বেচা যাবে লাখ টাকার মতো।
একই গ্রামের ইমান আলী বলেন, আমি ১১ কাঠা জমিতে ঝিঙা চাষ করে লোকসান গুনেছি। তাই ওই খেতে এখন শিম আর কপি লাগিয়েছি। ফলন ভালো হলে বাজারে লাখ টাকার সবজি বেচা যাবে।
১৫ অক্টোবরের পর থেকে সবজি চাষের মৌসুম ধরা হলেও চরাঞ্চলের চাষিরা এক মাস আগে থেকেই আগাম চাষ শুরু করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.