ড. মুহাম্মদ নুরুল আবছার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ এক অসাধারণ অমর স্মৃতি গাঁথা। কারাগারের নির্জন অন্ধকার প্রকোষ্ঠে বসে বঙ্গবন্ধু লিপিবদ্ধ করেছেন তাঁর সংগ্রাম মুখর জীবন কাহিনী। কন্টকাকীর্ণ রাজনৈতিক জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্বলিত আত্মজীবনী, যা পাঠককে করবে বিস্মিত ও আবেগাপ্লুত। চির দু:খী বাঙালির মুখে হাসি ফুটানোর লক্ষ্যে জাতির জনকের নিরন্তর সংগ্রাম, যিনি জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে অনাহারে অর্ধাহারে দলকে সংগঠিত করতে ঘুরে বেড়িয়েছেন দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে। দু:খ বেদনা ভরা তাঁর জীবন কাহিনী পাঠকের হৃদয়কে করবে ব্যথাতুর, চোখকে করবে অশ্র“ সজল। তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে রচিত হতে পারে হাজারো গবেষণা থিসিস। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে বিক্ষিপ্তভাবে উদ্ধৃত অভিজ্ঞতালব্ধ রাজনৈতিক ভাবনা সমূহের উলেখযোগ্য চুম্বকাংশ নিম্নে তুলে ধরা হলো:
লেখা পড়া ও রাজনীতি:
আব্বা আমাকে একটা কথা বলেছিলেন, ‘‘বাবা রাজনীতি কর আপত্তি করব না, তবে লেখাপড়া করতে ভুলিওনা। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখ, ‘ঝরহপবৎরঃু ড়ভ চঁৎঢ়ড়ংব ধহফ যড়হবংঃু ড়ভ ঢ়ঁৎঢ়ড়ংব’ থাকলে জীবনে পরাজিত হবা না।’’ একথা কোনো দিন আমি ভুলি নাই। (শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, পৃ:২১)
বাংলার মুসলমানদের পশ্চাদ পদতার কারণ:
হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল। তাদের ভাষা শিখবে না, তাদের চাকরি নেবে না, এই সকল করেই মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামোদ করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল। যখন আবার হিন্দুরা ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তখন অনেকে ফাঁসি কাষ্ঠে ঝুলে মরতে দ্বিধা করে নাই। জীবনভর কারাজীবন ভোগ করেছে, ইংরেজকে তাড়াবার জন্য। এই সময় যদি এই সকল নি:স্বার্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানদের মিলনের চেষ্টা করতেন এবং মুসলমানদের উপর যে অত্যাচার ও জুলুম হিন্দু জমিদার ও বেনিয়ারা করেছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে তিক্ততা এত বাড়তনা। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ২৩-২৪)
ব্যক্তির অন্ত:করণ বিবেচনায় উদারতা:
শহীদ সাহেব (হোসেন শহীদ সোহরাওয়ার্দী) ছিলেন উদার, নীচতা ছিল না, দলমত দেখতেন না, কোটারি করতে জানতেন না, গ্র“প করারও চেষ্টা করতেন না। উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন। কারণ, তাঁর আত্মবিশ্বাস ছিল অসীম। তাঁর সাধুতা, নীতি, কর্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন। এজন্য তাঁকে বারবার অপমানিত ও পরাজয় বরণ করতে হয়েছে। উদারতা দরকার, কিন্তু নীচ অন্ত:করণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালর থেকে মন্দই বেশি হয়। দেশেরও জনগণের ক্ষতি হয়। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ৪৭)
বাঙালী নিজকে চেনেনা :
আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে। একটা হল ‘আমরা মুসলমান, আর একটা হল, আমরা বাঙালি’। পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধ হয় দুনিয়ার কোন ভায়ায়ই এই কথাটা পাওয়া যাবে না, ‘পরশ্রীকাতরতা’। পরের শ্রী দেখে যে কাতর হয়, তাকে ‘পরশ্রীকাতর’ বলে। ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন, সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা। ভাই, ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্তে¡ও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। সুজলা, সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি। এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে। তবুও এরা গরীব। কারণ, যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজকে এরা চেনেনা, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ৪৭-৪৮)
উর্দু কি ইসলামিক ভাষা?
বাংলা পাকিস্তানের শতকরা ছাপ্পান্ন ভাগ লোকের মাতৃভাষা। তাই বাংলাই একমাত্র রাষ্ট্র ভাষা হওয়া উচিত। তুবও আমরা বাংলা ও উর্দু দুইটা রাষ্ট্রভাষা করার দাবি করেছিলাম। পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবী ভাষা বলে, সিন্ধুর লোকেরা সিন্ধি ভাষায় কথা বলে, সীমান্ত প্রদেশের লোকেরা পশতু ভাষায় কথা বলে, বেলুচরা বেলুচি ভাষায় কথা বলে। উর্দু পাকিস্তানের কোন প্রদেশের ভাষা নয়, তবুও যদি পশ্চিম পাকিস্তানের ভায়েরা উর্দু ভাষার জন্য দাবি করে, আমরা আপত্তি করব কেন? যারা উর্দু ভাষা সমর্থন করে তাদের একমাত্র যুক্তি হল উর্দু ‘ইসলামিক ভাষা’। উর্দু কি করে যে ইসলামিক ভাষা হল আমরা বুঝতে পারলাম না। দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানরা বিভিন্ন ভাষায় কথা বলে। আরব দেশের লোকেরা আরবি বলে। পারস্যের লোকেরা ফার্সি বলে, তুরস্কের লোকেরা তুর্কি ভাষা বলে, ইন্দোনেশিয়ার লোকেরা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে, মালয়েশিয়ার লোকেরা মালয়া ভাষায় কথা বলে, চীনের মুসলমানরা চীনা ভাষায় কথা বলে। এ সম্বন্ধে অনেক যুক্তিপূর্ণ কথা বলা চলে। শুধু পূর্ব পাকিস্তানের ধর্মভীরু মুসলমানদের ইসলামের কথা বলে ধোঁকা দেওয়া যাবে ভেবেছিল, কিন্তু পারে নাই। যে কোনো জাতি তার মাতৃভাষাকে ভালবাসে। মাতৃভাষার অপমান কোনো জাতিই কোনো কালে সহ্য করে নাই। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ৯৮-৯৯)।
নেতা-কর্মীর সম্পর্ক :
শহীদ সাহেব লনে বসে কয়েকজন এডভোকেটের সাথে মামলা সম্বন্ধে আলোচনা করেছিলেন। আমি কাছে গিয়ে সালাম করতেই তিনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করলেন এবং জিজ্ঞাসা করলেন, ‘‘কিভাবে এসেছ? তোমার শরীর তো খুব খারাপ, কোথায় আছ?’’ আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলকে বিদায় দিয়ে আমাকে নিয়ে বসলেন। আমি সকল ইতিহাস তাঁকে বললাম। প্রত্যেক কর্মী ও নেতাদের কথা জিজ্ঞেস করলেন। পূর্ব বাংলার অবস্থা কি খুঁটিয়ে খুঁটিয়ে তাও জিজ্ঞাসা করলেন। বাংলাকে তিনি যে কতটা ভালবাসতেন তাঁর সাথে না মিশলে কেউ বুঝতে পারত না। ………………………………… শহীদ সাহেব আমাকে নিয়ে দোকানে গেলেন এবং বললেন, ‘‘কিছু কাপড় আমার বানাতে হবে, কারণ দুইটা মাত্র স্যুট আছে, এতে চলে না।’’ তিনি নিজের কাপড় বানানোর হুকুম দিয়ে একটা ভাল কম্বল, একটা গরম সোয়েটার, কিছু মোজা ও মাফলার কিনে নিলেন এবং বললেন, কোনো কাপড় লাগবে কিনা! আমি জানি শহীদ সাহেবের অবস্থা। বললাম, না আমার কিছু লাগবে না। তিনি আমাকে যখন গাড়িতে নিয়ে হোটেলে পৌঁছাতে আসলেন, জিনিসগুলি দিয়ে বললেন, ‘‘এগুলি তোমার জন্য কিনেছি। আরও কিছু দরকার হলে আমাকে বোলো।’’ গরম ফুলহাতার সোয়েটার ও কম্বলটা পেয়ে আমার জানটা বাঁচল। কারণ, শীতে আমার অবস্থা কাহিল হতে চলেছিল। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৩৭-১৩৮)
দেশের মানুষকে ভালবাসলে ত্যাগ তো করতেই হবে:
ছেলে-মেয়েদের জন্য যে একটু বেশি মায়া হয়ে উঠেছিল। ওদের ছেড়ে যেতে মন চায়না, তবুও তো যেতে হবে। দেশ সেবায় নেমেছি, দয়া মায়া করে লাভ কি? দেশকে ও দেশের মানুষকে ভালবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৬৪)
কারাগারে মাওলানা ভাসানীর দরসে কুরআন:
১৯৪৯ সালের ডিসেম্বর মাসে আমি জেলে আসলাম। ১৯৪৭ সালে পাকিস্তান হয়েছে। আমার তিনবার জেলে আসতে হল, এইবার নিয়ে। ………….আমি মাওলানা সাহেব ও শামশুল হক সাহেবের কাছে এলাম। একই রুমে আমরা থাকব। …………..মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম। মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদের বোঝাতেন। রোজই এটা আমাদের জন্য বাঁধা নিয়ম ছিল। শামসুল হক সাহেবকে নিয়ে বিপদ হত। এক ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতে পারতেন না। এক একটা সেজদায় আট-দশ মিনিট লাগিয়ে দিতেন। মাঝে মাঝে চক্ষু বুজে বসে থাকতেন। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৬৮-১৬৯)
কারা কক্ষে শামশুল হক সাহেবের সাথে রসিকতা:
আমাদের দিন ভালভাবেই কাটছিল। শামসুল হক সাহেব আমার উপর খুব রাগ করেছিলেন। কারণ, কেন আমি শোভাযাত্রা করতে প্রস্তাব দিয়েছিলাম। শোভাযাত্রা না করলে তো গোলমাল হত না। আর আমাদের জেলে আসতে হত না এই সময়। শামসুল হক সাহেব মাত্র দেড়মাস পূর্বে বিবাহ করেছিলেন। হক সাহেব ও তাঁর বেগম আফিয়া খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করতেন। একে অন্যকে পছন্দ করেই বিবাহ করেছিলেন। আমাকে বেশি কিছু বললে আমি তাঁকে ‘বউ পাগলা’ বলতাম। তিনি ক্ষেপে আমাকে অনেক কিছু বলতেন। মাওলানা সাহেব হাসতেন, তাতে তিনি আরও রাগ করতেন এবং মাওলানা সাহেবকে কড়া কথা বলে ফেলতেন। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৬৮-১৬৯)
ঢাকা মেডিকেল কলেজের প্রিজন সেলে ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ’ গঠনের সিদ্ধান্ত:
আমি যখন ঢাকা জেলে আসলাম তখন ১৯৫১ সালের শেষের দিক হবে। প্রায় এক মাস জেল হাসপাতালে রইলাম। ঢাকা জেল হাসপাতালে আমার চিকিৎসা হবে না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হবে। আমি জানিয়ে দিলাম আমাকে কেবিন দিতে হবে, না হলে আমি যাব না। সরকার কেবিন দিতে রাজি হলেন। ………….আমি হাসপাতালে আছি। সন্ধ্যায় মোহাম্মদ তোয়াহা ও অলি আহাদ দেখা করতে আসে। আমার কেবিনের একটা জানালা ছিল ওয়ার্ডের দিকে। আমি ওদের রাত একটার পরে আসতে বললাম। আরও বললাম, খালেক নেওয়াজ, কাজী গোলাম মাহাবুব আরও কয়েকজন ছাত্রলীগ নেতাকে খবর দিতে। দরজার বাইরে আইবিরা পাহারা দিত। রাতে অনেকে ঘুমিয়ে পড়েছে। তখন পিছনের বারান্দায় ওরা পাঁচ সাতজন এসেছে। আমি অনেকরাতে একা হাঁটা চলা করতাম। রাতে কেউ আসে না বলে কেউ কিছু বলত না। পুলিশরা চুপ-চাপ পড়ে থাকে, কারণ জানে আমি ভাগবনা। গোয়েন্দা কর্মচারী এক পাশে বসে ঝিমায়। বারান্দায় বসে আলাপ হল এবং আমি বললাম, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করতে। আওয়ামীলীগ নেতাদেরও খবর দিয়েছি। ছাত্রলীগই তখন ছাত্রদের মধ্যে একমাত্র জনপ্রিয় প্রতিষ্ঠান। ছাত্রলীগ নেতারা রাজি হল। অলি আহাদ ও তোয়াহা বলল, যুবলীগও রাজি হবে। আবার ষড়যন্ত্র চলছে বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করার। এখন প্রতিবাদ না করলে কেন্দ্রীয় আইন সভায় মুসলিম লীগ উর্দুর পক্ষে প্রস্তাব পাস করে নেবে। নাজিমুদ্দিন সাহেব উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা করার কথাই বলেন নাই, অনেক নতুন নতুন যুক্তির্তক দেখিয়েছেন। অলি আহাদ যদিও আওয়ামীলীগ ও ছাত্রলীগের সদস্য হয় নাই, তবুও আমাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করত ও ভালবাসত। আরও বললাম, ‘‘খবর পেয়েছি, আমাকে শীঘ্রই আবার জেলে পাঠিয়ে দিবে, আমি নাকি হাসপাতালে বসে রাজনীতি করছি। তোমরা আগামীকাল রাতেও আবার এস।’’ আরও দু’একজন ছাত্রলীগ নেতাকে আসতে বললাম। শওকত মিয়া ও কয়েকজন আওয়ামীলীগ কর্মীকেও দেখা করতে বললাম। পরের দিন রাতে এক এক করে অনেকেই আসল। সেখানেই ঠিক হলে আগামী ২১শে ফেব্র“য়ারী রাষ্ট্র ভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। ছাত্রলীগের পক্ষ থেকেই রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের কনভেনর করতে হবে। ফেব্র“য়ারী থেকেই জনমত সৃষ্টি করা শুরু হবে। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৯৩-১৯৭)
ইয়ে তো ‘কিসমত’ :
আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জে ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক। আমাকে খুবই ভালবাসত এবং শ্রদ্ধা করত। আমাকে পাকিস্তানের পক্ষে কাজ করতে দেখেছে। আমাকে দেখেই বলে বসল, ‘‘ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে।’’ আমি বললাম, ‘‘কিসমত’’। আর কিছুই বললাম না। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ১৯৯)
মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়:
একদিন সকালে আমিও রেণু বিছানায় বসে গল্প করছিলাম। হাচু ও কামাল নিচে খেলছিল। হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে। কামাল চেয়ে থাকে। এক সময় কামাল হাচিনাকে বলছে, ‘‘হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।’’ আমি আর রেণু দু’জনই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, ‘‘আমি তো তোমরাও আব্বা’’। কামাল আমার কাছে আসতে চাইত না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম, এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে-মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। (অসমাপ্ত আত্মজীবনী, পৃ: ২০৯)
একেই কি বলে স্বাধীনতা?
আজ দুইশত বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি। সামান্য হলেও কিছুটা আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরও কতকাল খাটতে হয়, কেইবা জানে? একেই কি বলে স্বাধীনতা? ভয় আমি পাইনা, আমার মনও শক্ত হয়েছে। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম, সেই পাকিস্তানই করতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করলাম।
গোপালগঞ্জ মহকুমার যে কেউ আসে, তাদের এক প্রশ্ন, ‘‘আপনাকে কেন জেলে নেয়? আপনিই তো আমাদের পাকিস্তানের কথা শুনিয়েছেন।’’ আবার বলে, ‘‘কত কথা বলেছিলেন, পাকিস্তান হলে কত উন্নতি হবে। জনগণ সুখে থাকবে, অত্যাচার জুলুম থাকবে না। কয়েক বছর হয়েগেল দু:খই তো আরও বাড়ছে, কমার লক্ষণ তো দেখছি না। চাউলের দাম কত বেড়ে গেছে।’’ কি উত্তর দেব! এরা সাধারণ মানুষ কি করে এদের বোঝাব! (অসমাপ্ত আত্মজীবনী : পৃ: ২০৯)
সাধারণ মানুষের সকল প্রশ্নের উত্তর তিনি দিয়ে গেছেন, পশ্চিম পাকিস্তানী শোষক গোষ্ঠীর বৈষম্যমূলক শাসন, অর্থনৈতিক শোষন ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে নিরলস সংগ্রামের মাধ্যমে। তাদের প্রাসাদ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছিনিয়ে এনেছিলেন মুক্তিকামী জনতার বিজয় নিশান। বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার কাছে নতি স্বীকারে বাধ্য হয়েছিল জুলুম শাহী।
তাঁরই সাহসী ও গতিশীল নেতৃত্বে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। তিনিই বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন একেই বলে প্রকৃত স্বাধীনতা। জেল-জুলুম নিগ্রহ নিপীড়ন যাঁকে সদা করেছে তাড়া, রাজনৈতিক কর্মকান্ডে যিনি ছিলেন সদা উৎসর্গীত প্রাণ ও সদা ব্যস্ত। তাঁর আত্মজীবনী অসমাপ্ত হলেও তাঁর পুরো জীবন ছিল সফলতায় পরিপূর্ণ। তাঁর জীবনের প্রতিটি পথ চলায় রেখে গেছেন সফলতার পদচিহ্ন। বাঙালির মুক্তি সংগ্রামের পূর্ণতা ও সমাপ্তি তাঁরই মহাজীবনের বিনিময়ে। পূর্ণতা ও সফলতাই যে মহাজীবনের অনন্য বৈশিষ্ট্য।
লেখক:
ড. মুহাম্মদ নুরুল আবছার
ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা।
মোবাইল: ০১৮১২৬০৯০৯৫
E-mail: dr.absarcox@gmail.com

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.