অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চকরিয়া বন বিভাগ

এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধিনস্থ ফাঁসিয়াখালী বিটের উচিতার বিল মৌজায় বনবিভাগের সাঁড়াশি অভিযানে অবৈধ ভাবে নির্মাণাধীন ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় বনবিভাগের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত দুই একর বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বনবিটের উচিতার বিল নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বনবিভাগ সূত্রে জানায়, কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বনবিটের অাওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের উচিতার বিল মৌজায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালানো হয়। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের নির্দেশনায় এবং ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ.সোহেল রানার সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
অভিযানের সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার সাথে ছিলেন ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা, ডুলাহাজারা বনবিট কর্মকর্তাসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজায়গীরদারসহ স্থানীয় শ্রমিকরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং তাদেরই নির্দেশনার আলোকে সোমবার সকালে ফাঁসিয়াখালী বন বিটের উচিতার বিল মৌজায় সাঁড়াশি অভিযান চালানো হয়। বনবিভাগের নিয়ন্ত্রণাধীন সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় বেশকিছু অবৈধ দখলদার স্থাপনা নির্মাণ করে বসতি গড়ে তুলেন। সকালে বনবিভাগের কর্মীদের নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪০টি অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দিয়ে দখল উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, বনবিভাগের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করে অন্তত বনবিভাগের দুই একর মতো জায়গা অবৈধ দখলদারের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। এনিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের ব্যাপারে কোন ধরণের ছাড় নেই।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.