অবশেষে ৩ অক্টোবর বাফুফে নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত এসেছে।

এর আগে ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়। এবার করোনা সংকটের মাঝেই নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা বাফুফের। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে।

মঙ্গলবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির ১৯তম নিয়মিত সভায় উপস্থিত ছিলেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। সভা শেষে সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমরা ৩ অক্টোবর নির্বাচন করবো। এ বিষয়ে ফিফা ও এএফসিকে জানানো হবে। বাফুফের নির্বাচনী সাধারণ সভা উপলক্ষ্যে ১৩৯ জন ভোটিং ডেলিগেট অনুমোদন দেয়া হয়েছে।’ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.