অফিসিয়াল প্রক্রিয়ায় আটকা শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজ

নেজাম উদ্দিন
কক্সবাজারে শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজ এখনো অফিসিয়াল প্রক্রিয়ায় আটকা। ভাঙাচোরা সড়কে চলতে দুর্ভোগের শেষ নেই শহরবাসীর।
তবে, আগামী এপ্রিল মাসে সড়কের উন্নয়ন কাজ শুরু হতে পারে বলে কউকের একটি সূত্র জানিয়েছে।
হলিডের মোড় থেকে বাস টার্মিনাল হয়ে আবার হলিডের মোড় পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সড়ক জনপথ বিভাগের। কিন্তু ২০১৮ সাল থেকে এই সড়কের দায়িত্ব নেয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। এরই মধ্যে পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে কক্সবাজার শহরের ‘হলিডের মোড়-বাজারঘাটা হয়ে লারপাড়া বাসস্ট্যান্ড’ পর্যন্ত প্রধান সড়ক চার লেনে উন্নীত শহরের সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে ২৯৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ পায় কউক।
আজ অবধি অফিসিয়াল কাজ শেষ হয় নি।এখনো টেন্ডার প্রসেসেই রয়ে গেছে। এভাবে আটকে আছে কক্সবাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজ।
ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ জনগনের দুভোর্গের সীমা ছাড়িয়ে গেছে বলে। যে কারণে সমালোচনা মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
মাঝে মধ্যে সমালোচনা থেকে বাঁচতে সড়কটির কিছু অংশ সংস্কার করেছে দেখা যায়। সড়কের বড় বড় গর্তগুলো ইট আর পাহাড়ি মাটিচাপায় ভরাট করা হয়।
শহরের বাস টার্মিনাল থেকে হলিডে মোড় পর্যন্ত বাস টার্মিনালস্থ ফিলিং স্টেশনের সামনের অংশ, বিজিবি ক্যাম্প, সাবমেরিন ক্যাবল স্টেশন, সিটি কলেজ গেইট, আলীর জাঁহাল, টিএমসি, রুমালিয়ারছড়া হাশেমিয়া মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল (ভোকেশনাল), তারাবনিয়ার ছড়া, কালুর দোকান, টেকপাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদ, বার্মিজ মার্কেট, ফায়ার সার্ভিস, লালদিঘির পূর্ব পাড় থেকে থানা রোড, ঝাউতলা সংলগ্ন প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। যে কারণে পর্যটকসহ হাজার হাজার জণসাধারণকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রিগ্যান জানান, শুনেছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান সড়কের কাজ শুরু করতে যাচ্ছে। কিন্তু এই কথাটি শুনে আসছি গত একবছর ধরে। আদৌ কি কাজ হবে? প্রতিবেদকের কাছে তার প্রশ্ন।
কউক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ জুলাই একনেকের সভায় প্রকল্প অনুমোদন লাভ করে। গত বছরের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শুরু করার কথা বলেছিলেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু হয় নি। এমনকি আগামী বর্ষার আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে স্থানীরা । এদিকে শহরের প্রধান সড়কের কাজ শুরু করতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় কউকের সভাকক্ষে সমন্বয় সভা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় প্রধান সড়কের পুরোপুরি ডিজাইন, বাস্তবচিত্র, ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি বিদ্যুতের খুঁটি সরানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এলাকাবাসি বলছে, অফিসিয়াল কাজ সারতে যদি বছর লাগে তবে কাজ কখন করবে?
শহরের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, কক্সবাজার শহরের প্রধান সড়কের দৃশ্যে মারাত্মক হতাশা। নেতিবাচক মনোভাব নিয়ে ফেরে পর্যটকেরা। যা সামগ্রিকভাবে পর্যটন শিল্পের উপর বেশ ক্ষতিকর প্রভাব ফেলছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়াম্যান লেঃ কর্ণেল ফোরকান আহমদ বলেন, ‘হলিডের মোড়-বাজারঘাটা হয়ে লারপাড়া বাসস্ট্যান্ড’ প্রকল্পটি ২০১৯ সালের ১৬ জুলাই একনেকের সভায় অনুমোদন লাভ করে। প্রকল্পে নিয়োজিত কনসালটেন্সী প্রতিষ্ঠান সড়কের ড্রইং, ডিজাইন করে। প্রক্রিয়া শেষে সড়কের কাজ শুরু করা হবে।
উক্ত প্রকল্প বাস্ততবায়নের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন কউক চেয়ারম্যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.