ম্যাচ জয়ের জন্য টাইগারদের দরকার মাত্র ১৯৬ রান

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ১৯৫ রানকে ওয়ানডে ক্রিকেটে খুব বড় কোন স্কোর মানার উপায় নেই। মিরপুরের উইকেট স্লো, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যে হলো আরো স্লো! কোনমতে ৫০ ওভার পুরোটা খেলে ওয়েস্ট ইন্ডিজ টেনেটুনে রান স্কোরবোর্ডে জমা করলো ৯ উইকেটে ১৯৫ রান।  টসে জিতে ব্যাটিং বেছে নেয়ার সময় উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল স্বপ্ন দেখছিলেন বড় স্কোরের। কিন্তু ইনিংসের কোন সময় যে উইন্ডিজ ব্যাটসম্যানরা বাংলাদেশের ‘বুদ্ধিদ্বীপ্ত’ বোলিংয়ের জবাব খুুঁজে পেলো না!

শুরুর ১০ ওভারে উইন্ডিজ তুললো ১ উইকেটে ৩১ রান। ১০ থেকে ৪০ ওভারের দ্বিতীয় পাওয়ার প্লে’তেও ক্যারিবীয়দের ব্যাটিং সেই শম্বুক গতির! এই সময় রান যোগ হলো মাত্র ৯৮। হারালো ৫ উইকেট। শেষের ১০ ওভারেও তেমন হাত খুলে খেলার সুযোগ পেল না ওয়েস্ট ইন্ডিজ। যখনই হাত খুলে মারতে গেলো তখনই ক্যাচ। তখনই আউট! বাউন্ডারি ক্লিয়ার করার চেষ্টা করতেই গিয়েই ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ব্যাটসম্যান ক্যাচ তুলে আউট হলেন। এর মধ্যে আবার সব যে ক্যাচই যে হাতে জমা হলো তাও নয়! তামিম ইকবালের দর্শনীয় ক্যাচ ধরার এই ম্যাচে সবমিলিয়ে চারটা হাত ফস্কানো ক্যাচের দেখাও মিললো।

স্লো উইকেটে বোলিংটা ঠিক কেমন করতে হয়-তার একটা দুর্দান্ত প্রামান্য চিত্র যেন উপহার দিলো বাংলাদেশ এই ম্যাচে। সেই দক্ষতায় বাকি সবাইকে পেছনে ফেললেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ২০০ তম খেলতে নামা মাশরাফির বোলিংয়ের শুরুটা হলো চার খেয়ে। শেষটা হলো ছক্কার ধাক্কায়। তবে মাঝের বাকিটা সময় মাশরাফি যা করলেন তাকে এককথায় বলে-প্রভাবী বোলিং! ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট। যার মধ্যে ৪১টিই ডট বল! দুই স্পিনার সাকিব ও মেহেদি মিরাজও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের বোতলবন্দি করে রাখেন। ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমানের বোলিংও পিঠ চাপড়ানো প্রশংসা পাচ্ছে। শেষ ওভার বাদ দিলে রুবেল হোসেনের বোলিংও মন্দ কিছু হয়নি।

ওয়েস্ট ইন্ডিজকে দুশোর নিচে রাখতে পারার বোলিংয়ের সুখটা কি ম্যাচ শেষে উপভোগ করতে পারবে বাংলাদেশ? স্লো উইকেটে উইন্ডিজের ব্যাটসম্যানরা রান তুলতে যেভাবে হাঁসফাঁস করেছে, সেই এই উইকেটে তো বাংলাদেশের ব্যাটসম্যানদেরও বড় পরীক্ষায় পড়তে হচ্ছে!

তারপরও ম্যাচ জয়ের জন্য ১৯৬ রান, পুরো শক্তির বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য তেমন বড়কিছু মনে হওয়ার কারণ নেই!

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ১৯৫/৯ (৫০ ওভারে, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, চেজ ৩২, কিমো পল ৩৬, মিরাজ ১/৩০, সাকিব ১/৩৬, মুস্তাফিজ ৩/৩৫, মাশরাফি ৩/৩০, রুবেল ১/৬১)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.