ওয়ান নিউজঃ প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তাদের পাশাপাশি মোতায়েন করা হয় সবগুলো বাহিনীর সদস্যদের। এরই মধ্যে প্রাণ গেছে ফায়ার সার্ভিসের এক কর্মীর।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে সকাল পৌনে নয়টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নেভাতে ১৯টি ইউনিট কাজ করেছে। প্রায় ছয় ঘণ্টা পর ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আগুন লাগার খবর পেয়েছি ১টা ৫২টা মিনিটে।
বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। এ ছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.